CFL DERBY : পয়েন্ট নয়, প্রতিশোধের লড়াই! কলকাতা লিগের ডার্বিতে সেটপিস অস্ত্রে শান দিচ্ছে মোহনবাগান
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- পয়েন্টের অঙ্কে নিয়মরক্ষা, কিন্তু সম্মানের লড়াইয়ে টানটান উত্তেজনা (CFL DERBY)। ডুরান্ড ফাইনালে ১-৪ হারের জ্বালা এখনও টাটকা মোহনবাগান শিবিরে। আজ সোমবার বারাসতে কলকাতা লিগের ডার্বিতে সেই হারের বদলা নিতে মরিয়া সবুজ-মেরুন, যেখানে ইস্টবেঙ্গল নামছে জুনিয়র দল নিয়ে।
ইস্টবেঙ্গল যেখানে কলকাতা লিগের ডার্বিতে সিনিয়র ফুটবলারদের না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে, সেখানে মোহনবাগানের ছবিটা একেবারে আলাদা (CFL DERBY) । সবুজ-মেরুন শিবির এই ম্যাচকে মোটেও হালকাভাবে নিচ্ছে না। ডুরান্ড কাপের ফাইনালে ১-৪ গোলে বিধ্বস্ত হওয়ার পর সমর্থকদের সামনে মুখ পুড়েছিল বাগানের। তাই কলকাতা লিগের এই ডার্বিকেই বদলা নেওয়ার মঞ্চ হিসেবে দেখছে তারা।
সেই লক্ষ্যেই শক্তিশালী দল সাজাচ্ছে মোহনবাগান (CFL DERBY)। ৫-৬ জন সিনিয়র ফুটবলারকে রেখেই প্রথম একাদশ গড়ার পরিকল্পনা। সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং, আপুইয়া, শুভাশিস বসু, লিস্টন কোলাসোদের কাঁধে থাকছে বাড়তি দায়িত্ব। সঙ্গে থাকছেন সুহেল ভাট এবং কিয়ান নাসিরিও। চোটের জন্য শুধু ছাংতেকে এই ম্যাচে পাওয়া যাবে না। তাঁকে ছাড়া বাকি সকলেই মোটামুটি ফিট।
মোহনবাগান শিবিরের ধারণা, ইস্টবেঙ্গল এদিন রক্ষণে বাস পার্ক করে গোলের মুখ বন্ধ করার চেষ্টা করবে এবং উইং ব্যবহার করে দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠবে। তাই দুই পরিস্থিতির জন্যই প্রস্তুতি সেরে রাখছে বাগান। রবিবারের অনুশীলনে বিশেষ জোর দেওয়া হয় সেটপিসে। (CFL DERBY)
আলবার্তোর ভালো উচ্চতা থাকায় তাঁকে ডামি স্টপার হিসেবে রেখে বিভিন্ন সেটপিস পরিস্থিতি অনুশীলন করানো হয়। কর্নার ও ফ্রি-কিক থেকে কীভাবে ইস্টবেঙ্গলের জমাট রক্ষণ ভাঙা যায়, তার ছক কষা হয়। পাশাপাশি ফুটবলারদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর দিকেও নজর দেন কোচ।
মোহনবাগান সুপার জায়ান্টের লিগ দলের দায়িত্বে গত কয়েক দিন ধরেই রয়েছেন প্রধান কোচ পানাগিয়োটিস দিমপেরিস। বাস্তব রায় ডাগআউটে থাকলেও প্রস্তুতির মূল দায়িত্ব এখন অনেকটাই পানোসের হাতে। রবিবারও ISL দলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি ডার্বির প্রস্তুতিতে নজর রাখেন তিনি। অনুশীলনের পর বোর্ডে ছক এঁকে স্ট্র্যাটেজিও বুঝিয়ে দেন ফুটবলারদের।
এই ম্যাচের ফল পয়েন্ট টেবলে কোনও প্রভাব ফেলবে না। গ্রুপ ‘এ’ থেকে ভবানীপুর, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যেই যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়ে সুপার সিক্সে উঠে গিয়েছে। তাই কাগজে-কলমে ম্যাচটি নিয়মরক্ষার। কিন্তু ডার্বিতে সম্মানের প্রশ্ন আলাদা। অনুশীলন শেষে এক সমর্থক যখন চিৎকার করে ‘বদলা, বদলা’ বলেন, তখন হাসির মুহূর্ত তৈরি হলেও বোঝা যায় সোমবার বারাসতে লড়াইটা শুধু ৩ পয়েন্টের নয়, সম্মান ফিরে পাওয়ার।
