আজকের দিনেবাংলার আয়না

ARJUN SINGH : এবার বাসেই জোকা টু নৈহাটি! বড়মার সঙ্গে জুড়বে তারাপীঠও, বড় ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিং-এর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নৈহাটি :- কলকাতা থেকে নৈহাটি যাওয়া এবার আরও সহজ। GPS, Live Camera সহ ১০টি নতুন এসি বাস নিয়ে রবিবার চালু হল জোকা-নৈহাটি সরাসরি পরিষেবা। উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং (ARJUN SINGH)।

দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে বাস্তব হল। রবিবার নৈহাটি বাস টার্মিনাস থেকে সবুজ পতাকা নেড়ে ১০টি অত্যাধুনিক এসি বাসের শুভ সূচনা করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং (ARJUN SINGH)। সড়কপথে নৈহাটি থেকে জোকা দূরত্ব প্রায় ৬৭ কিলোমিটার। এই রুটে ব্যারাকপুর, সোদপুর, ডানলপ, দক্ষিণেশ্বর, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট, চিনার পার্ক, ইকো স্পেস, সেক্টর ফাইভ, করুণাময়ী, বেলেঘাটা, শিয়ালদহ, মিন্টু পার্ক, এক্সাইড, চিড়িয়াখানা, মোমিনপুর হয়ে বাস পৌঁছবে বেহালা-জোকা।

নিউটাউন এসি বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শেখ জলিল হোসেন জানান, যাত্রী সুরক্ষায় এই রুটের প্রত্যেকটি বাসে থাকছে লাইভ অডিও-ভিসুয়াল ক্যামেরা। থাকবে GPS ট্র্যাকিং, যে কোনও সমস্যা হলে তৎক্ষণাৎ লোকেট করা যাবে। প্রত্যেকটি বাসের জন্য থাকবে লাইভ অবজারভারের ব্যবস্থা, প্রত্যেকটি গাড়ি চলাকালীন ট্র্যাক করা হবে। প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে পরিষেবা, আধঘণ্টা অন্তর চলবে ১০টি বাস। এই রুটের ন্যূনতম ভাড়া ২৫ টাকা, নৈহাটি থেকে জোকা পর্যন্ত ১৩৫ টাকা ভাড়া।

জোকা-নৈহাটি বাসের উদ্বোধনে গিয়ে অর্জুন সিং(ARJUN SINGH) বলেন, “নৈহাটি থেকে রাজ্যের সব জায়গার কানেকশন থাকবে। প্রথম ধাপে নৈহাটি থেকে জোকা শুরু হল। সারা বাংলা বাস চলবে পরবর্তীকালে। তৃণমূলের আমলে বাস টার্মিনাস দখল করে যারা ব্যবসা করছিল, সেগুলোও বন্ধ হয়ে যাবে। যাত্রীদের জন্য বিশ্রামাগার থাকবে। কানেকটিভিটি বাড়বে। বড়মার সঙ্গে তারাপীঠের কানেকশন তো করতে হবে। নৈহাটি থেকে শিলিগুড়ি, আসানসোল, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা পর্যন্তও জুড়ে যাবে বাসরুট।”

পরিবহণমন্ত্রীর দাবি, ডবল ইঞ্জিন সরকারের আমলে হাইস্পিডে ছুটছে উন্নয়ন। গণপরিবহণেও নতুন দিগন্ত দেখবে বাংলা। ধাপে ধাপে গোটা রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *