কানের মঞ্চে ঐশ্বর্যকে ট্রোল: সমালোচকদের সপাট জবাব কঙ্গনার!
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা রানাউত তাঁর স্পষ্টবাদী স্বভাব ও ‘ঠোঁটকাটা’ মন্তব্যের জন্য বরাবরই চর্চায় থাকেন। এবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের লুক নিয়ে ট্রোলের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। কানের মঞ্চে পঞ্চাশোর্ধ্ব ঐশ্বর্যর সাজপোশাক এবং ওজন নিয়ে এক শ্রেণির নেটিজেনদের ‘বডি শেমিং’ ও কটাক্ষের জবাবে বচ্চনবধূর তীব্র সমর্থন করলেন পর্দার ‘মণিকর্ণিকা’।
“কাউকে খুশি করতে ও লাল গালিচায় হাঁটেনি”
বিখ্যাত প্রসাধন সংস্থার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এবারও মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে কানের মঞ্চে গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছেন ঐশ্বর্য। গোলাপি সিল্ক শিফন গাউন থেকে শুরু করে অল-হোয়াইট ‘সোয়ান লুক’ কিংবা ‘নীলপরি’ লুকে নজর কেড়েছেন তিনি। তবে নেটিজেনদের একাংশ তাঁকে ‘মোটা আন্টি’ বলে কটাক্ষ করতে ছাড়েনি, অনেকের দাবি ছিল তাঁর সাজ মানানসই হয়নি।
ঐশ্বর্য নিজে এই বিষয়ে নীরব থাকলেও সমালোচকদের একহাত নিয়ে কঙ্গনা সামাজিক মাধ্যমে লেখেন, “ফ্যাশন আর স্টাইল হলো নিজের আত্মপ্রকাশ ও জীবনদর্শনের মাধ্যম। একজন মহিলা কখনওই কারও কাছে নিজেকে প্রমাণ করতে বাধ্য নন। ও কাউকে খুশি করতে কানের লাল গালিচায় হাঁটেনি। ও এক ও অনন্য, এক কথায় অসাধারণ। যাঁরা লাল কার্পেটে মধ্যবয়সি মহিলাদের দেখতে অভ্যস্ত নন, তাঁরা নিজেদের দৃষ্টিভঙ্গি বদলান।” কঙ্গনা আরও যোগ করেন, যারা প্রশ্ন তুলছে ঠিক কেমন সাজা উচিত ছিল, তারা যেন আগে নিজেরা সেটা করে দেখায়।
ট্রোলের মাঝেই ঐশ্বর্যর রূপের ছটায় মুগ্ধ অনুরাগীরা
সমালোচকদের কটাক্ষের পাশাপাশি প্রাক্তন বিশ্বসুন্দরীর বোল্ড লিপ কালার এবং রাজকীয় সাজের প্রশংসাও করেছে নেটপাড়ার বড় অংশ। বিশেষ করে সাদা ও নীল রঙের পোশাকে তাঁর উপস্থিতি কান-এর মঞ্চে আলাদা জৌলুস এনে দিয়েছিল। অন্যদিকে, বচ্চনবধূর সমর্থনে এভাবে সোচ্চার হওয়ায় কঙ্গনার সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুগামীরা।
