বদলে যাওয়া সময়ের নতুন প্রতীক, সরানো হলো ‘বিশ্ব বাংলা গ্লোব’
কিউ ইন্ডিয়া বাংলা, পূর্ব মেদিনীপুর: পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘায় জগন্নাথ মন্দিরে ‘ধাম ‘ শব্দটি মুছে ইতিমধ্যেই ‘সাংস্কৃতিক কেন্দ্র ‘- এ পরিবর্তন হয়েছে। এরই মধ্যে শুক্রবার পরিবর্তনের সাক্ষী থাকল রাজ্যবাসী। ওল্ড দিঘার পরিচিত ‘বিশ্ব বাংলা’ গ্লোব সরানোর কাজ শুরু হয়েছে, যা একসময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ভাবনার প্রতীক হিসেবে তুলে ধরা হতো।
কয়েক বছর আগে দিঘার সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হিসেবে ওল্ড দিঘার ১ নম্বর গেটের সামনে নির্মিত হয়েছিল একটি পার্ক এবং সেখানে বসানো হয়েছিল একটি ‘বিশ্ব বাংলা গ্লোব’।রাতে রঙিন আলোর ঝলকে গ্লোবটি বিশেষ আকর্ষণ হয়ে উঠত। পর্যটকদের কাছে এটি ছিল দিঘার অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক। অনেকেই সমুদ্র ভ্রমণের স্মৃতি ধরে রাখতে এই গ্লোবের সামনে দাঁড়িয়ে ছবি তুলতেন, সেলফি নিতেন এবং সামাজিক মাধ্যমে সেই ছবি ভাগ করে নিতেন।
বিশ্ব বাংলা ব্র্যান্ড একসময় রাজ্য সরকারের পরিচয়ের অন্যতম প্রধান অংশ ছিল। কাঁথি মহাকুমা শাসকধু মাল প্রতীক অশোক বলেন,’সরকারি নির্দেশের পর দীঘার এই পর্যটন কেন্দ্র থেকে বিশ্ব বাংলার লোগো সরিয়ে ফেলা হচ্ছে কারণ আগামী দিনের রাজ্য সরকারের নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে, নির্দেশনা অনুযায়ী আবার নতুন সাজে সেজে উঠবে দীঘা। তবে সরকারি নথি থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে এই লোগোর ব্যবহার দেখা যেত। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর সেই পরিচিত প্রতীকগুলিকে সরিয়ে নতুন প্রশাসনিক ভাবনার প্রতিফলন ঘটানোর উদ্যোগ শুরু হয়েছে।তারই অংশ হিসেবে দিঘার এই বিশ্ব বাংলা গ্লোব সরানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এর পরিবর্তে নতুন সরকার সরকারি সমস্ত নথি থেকে শুরু করে উন্নয়নমূলক যে কোন প্রকল্পেই অশোক স্তম্ভের লোগো বসানোর কথা জানিয়েছেন।
