আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

রথে রাজ্য সরকারের উপহার! ঐতিহ্যশালী কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদান নবান্নের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রথযাত্রার আগেই বড় ঘোষণা নবান্নের। রাজ্যের ১০-১৫০ বছরের পুরনো ঐতিহ্যশালী প্রতিটি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জেলায় জেলায় উৎসবকে আরও জাঁকজমকের সঙ্গে পালন করতেই এই উদ্যোগ।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ঐতিহ্যশালী কমিটিগুলির চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। আগামী ১৩ জুলাই অনুমোদিত প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হতে পারে। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি উপস্থিত থেকে কমিটির প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখতে পারেন।

শুধু অনুদানই নয়, ভক্তদের সুবিধার জন্য প্রতিটি জেলায় রথযাত্রা ও উল্টোরথের দিন সেবা শিবির খোলার নির্দেশ দিয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। শিবির পরিচালনার জন্য প্রতিটি জেলাকে ১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

শিবিরগুলিতে বিশুদ্ধ পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা, তথ্য কেন্দ্র এবং প্রবীণ, মহিলা, শিশু ও বিশেষভাবে সক্ষম ভক্তদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

একইসঙ্গে জেলাশাসকদের পুলিশ, স্বাস্থ্য, দমকল, পরিবহণ দপ্তর ও রথ কমিটির সঙ্গে সমন্বয় বৈঠক করে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও যান চলাচল সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও কমিটি ঐতিহাসিক গুরুত্ব বা জনসমাগমের কারণে অতিরিক্ত অনুদানের যোগ্য হলে, তার সুপারিশও পাঠানো যাবে।

রথযাত্রাকে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব আখ্যা দিয়ে নির্বিঘ্নে উৎসব পালনের উপরই জোর দিয়েছে রাজ্য। অনুদান ও পরিষেবার মাধ্যমে ঐতিহ্য রক্ষার পাশাপাশি ভক্তদের অভিজ্ঞতা আরও ভালো করাই লক্ষ্য নবান্নের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *