আজকের দিনেবাংলার আয়না

“গণতন্ত্রকে চৈত্র সেলের মতো বিক্রি করে দিয়েছে বিজেপি”- মমতা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, হাড়োয়া: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের  প্রাক্কালে রাজ্য রাজনীতিতে চড়ছে পারদ। বৃহস্পতিবার হাড়োয়ার নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে ভোটারদের নাম বাদ দেওয়া থেকে শুরু করে ভিনরাজ্যে শ্রমিকদের ওপর অত্যাচার— একাধিক বিষয়ে সুর চড়িয়ে তিনি দাবি করেন, বিজেপি দেশে স্বৈরাচারী শাসন চালাচ্ছে।

এদিন হাড়োয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি নেতৃত্বকে বেনজির ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রী। গণতন্ত্রের বর্তমান অবস্থা বোঝাতে গিয়ে তিনি বলেন, “গণতন্ত্রকে চৈত্র সেলের মতো বিক্রি করে দিয়েছে বিজেপি। তবে বাংলার মানুষ এদের কখনও ক্ষমা করবে না।” মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি সরকার রাজনৈতিক স্বার্থে ইডি ও সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধী কণ্ঠরোধ করার চেষ্টা করছে।

নির্বাচনের মুখে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে ফের সরব হন মমতা। এদিন তিনি জানান-

এসআইআর-এ বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তিনি নিজে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন।

তাঁর হস্তক্ষেপের কারণেই ৩২ লক্ষ মানুষের নাম তালিকায় পুনরায় ফিরে এসেছে।

বাকিদের নামও যাতে তালিকায় ওঠে, সেই বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন।

রাজ্যের বাইরে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচারের ঘটনা নিয়েও এদিন ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, ভিনরাজ্যে বাংলার মানুষদের কোণঠাসা করা হচ্ছে। অন্যদিকে, বাংলার প্রতি বঞ্চনা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার যে চেষ্টা বিজেপি করছে, তার যোগ্য জবাব আমজনতা ব্যালটে দেবে বলে তিনি মনে করেন। নির্বাচনী প্রচারে আত্মবিশ্বাসের সুর ধরা পড়ে তৃণমূল সুপ্রিমোর গলায়। তাঁর দাবি, রাজ্যের মানুষ উন্নয়ন দেখেই ভোট দেবেন এবং ষড়যন্ত্র করে তৃণমূলকে রোখা যাবে না। উপস্থিত জনতাকে সাক্ষী রেখে তিনি বলেন, “তৃণমূলই জিতবে। মানুষ আমার পাশে আছে।” রাজ্যজুড়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় ঝোড়ো প্রচার চালাচ্ছেন, তখন হাড়োয়ার এই সভা থেকে বিজেপির বিরুদ্ধে দেওয়া ‘চৈত্র সেল’ কটাক্ষ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *