রাহুলের মৃত্যু নিছক দুর্ঘটনা না কি গাফিলতি? রহস্যভেদে এবার থানায় যাচ্ছে আর্টিস্ট ফোরাম, কড়া বার্তা প্রসেনজিতের
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যাওয়ার ঘটনায় প্রযোজনা সংস্থার বয়ানে অসঙ্গতি মেলায় এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিল আর্টিস্ট ফোরাম। শুক্রবার রাতে টেকনিশিয়ান স্টুডিয়োয় এক জরুরি বৈঠক শেষে জানানো হয়েছে, শনিবার রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করা হবে।
বয়ানে অমিল, দানা বাঁধছে রহস্য
গত রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান রাহুল। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, সহ-অভিনেত্রীকে জোয়ারের হাত থেকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা। তবে পুলিশের হাতে আসা শুটিংয়ের ভিডিও ফুটেজের সঙ্গে ইউনিটের সদস্যদের বয়ানে ব্যাপক অমিল পাওয়া গিয়েছে। প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স’-কে আর্টিস্ট ফোরাম চিঠি দিলেও, তাদের জবাবে সন্তুষ্ট নন ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
‘সহজ যেন জানতে পারে তার বাবা কেন গেল’
শুক্রবার রাতের বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পায়েল দে-সহ টলিপাড়ার একঝাঁক তারকা। বৈঠক থেকে বেরিয়ে আবেগঘন ও কড়া প্রতিক্রিয়া দেন ইন্ডাস্ট্রির অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “যে চলে গিয়েছে তাঁকে আর ফেরানো যাবে না ঠিকই, কিন্তু সহজ (রাহুলের ছেলে) যেন বড় হয়ে জানতে পারে যে, তার বাবা কেন চলে গেল?” উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রসেনজিতের বাড়িতেই একটি বিশেষ বৈঠক হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সেই বৈঠকে পরমব্রত চট্টোপাধ্যায়, দেব, নিসপাল সিং রানে এবং অরিন্দম শীলও রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।
কাঠগড়ায় কাজের নিয়মবিধি
রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে সিনেইন্ডাস্ট্রির সুরক্ষা বিধি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। অনেকেই এই পরিণতির দায় প্রয়াত অভিনেতার ঘাড়েই চাপানোর চেষ্টা করছেন, যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফোরামের সদস্যরা। সোমবার কেওড়াতলা শ্মশানে রাহুলের শেষকৃত্যে উপস্থিত থাকলেও এত দিন প্রসেনজিৎ সরাসরি মুখ খোলেননি। কিন্তু শুক্রবার রাতের পদক্ষেপে স্পষ্ট, ভাইয়ের মতো রাহুলের এই অকাল প্রয়াণের বিচার না পাওয়া পর্যন্ত থামবে না আর্টিস্ট ফোরাম।
