আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

শনিবার থেকেই শুরু বৃষ্টির খেলা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ- গত কয়েক দিনের হাঁসফাঁস গরমের পর অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকেই রাজ্যজুড়ে আবহাওয়ার ভোলবদল শুরু হয়েছে। একদিকে যেমন ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে, তেমনই আজ থেকেই দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

​হাওয়া অফিসের মতে, শনিবারই দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও এই তিন জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে। তবে বৃষ্টির তীব্রতা বাড়বে আগামী সপ্তাহের শুরু থেকে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির ইঙ্গিত রয়েছে। বাদ যাবে না কলকাতাও; শহরতলি ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  আগামী বুধবার পর্যন্ত সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির এই আমেজ বজায় থাকতে পারে।

​দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। আজ থেকেই দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ​বৃষ্টির পূর্বাভাসের মাঝেই আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে। বিশেষ করে আরামবাগে ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ে চারপাশ। সকাল ৮টার পরেও দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। আগামী কয়েকদিন প্রায় সব জেলাতেই কম-বেশি কুয়াশার এই দাপট বজায় থাকবে।

​বৃষ্টির সাথে সাথে বেশ কিছু জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বৃষ্টির ছোঁয়ায় তাপমাত্রার পারদ কিছুটা নামবে, যা সাধারণ মানুষকে ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *