আজকের দিনেখেলা

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত – ইংল্যান্ড

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ড ইতিমধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালে উঠে গেছে । এবার ফাইনালে দ্বিতীয় দল কারা হবে সেই লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত – ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে ম্যাচ ।

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দল সুপার এইটে নিজেদের সব কয়টি ম্যাচ জিতেই সেমিফাইনালে পৌঁছেছে। সেখানে ভারতীয় দল সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। তবে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে শেষ চারের টিকিট পাকা করতে পেরেছে ভারত।ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচটি যে সহজ হবে না সে বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল ভারতীয় টিম ম্যানেজমেন্ট । কোচ গৌতম গম্ভীর খেলোয়াড়দের সে বিষয়ে যথেষ্ট সতর্ক করে দিয়েছেন । ইংল্যান্ডের বিরুদ্ধেও গত ম্যাচের দল ধরে রাখার সম্ভাবনা বেশি ভারতের ।অভিষেককে নিয়ে উদ্বেগে রয়েছে ম্যানেজমেন্ট। তবুও তিনি এই ম্যাচে সুযোগ পাবেন। বোলিং বিভাগও অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি এই ম্যাচে । বরুণকে বসিয়ে কুলদীপকে ফেরানোর জল্পনা উঠলেও টিম ম্যানেজমেন্ট সেই রাস্তায় হাটবে না ।

অপরদিকে ইংল্যান্ড শিবিরও বেশ আত্মবিশ্বাসী। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে অধিনায়ক হ্যারি ব্রুক বলেন “আমরা তৈরি। শুনছি দলের অনেকেই বলছে, ওরা ভারতের বিরুদ্ধে খেলতে চাইছিল। সেমিফাইনালে ভারতকেই চাইছিলাম আমরা। দারুণ একটা ম্যাচ হবে। দু’দলের উপরেই প্রচণ্ড চাপ থাকবে।” নিজের দল নিয়ে আশাবাদী ইংরেজ অধিনায়কও। তিনি বলেন আমাদের দলে একাধিক বিশ্বমানের ব্যাটার রয়েছে । তাদের মধ্যে দুই একজন খেলে দিলে ম্যাচের পরিস্থিতি বদলে যাবে। বোলিং বিভাগ ও ইংল্যান্ডের শক্তিশালী। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আজ সেরা দুই দলের দ্বৈরথ দেখতে চলেছে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

এখনো পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে মোট পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। সেখানে তিনবার জিতেছে ভারত আর দুবার ইংল্যান্ড। শেষ দুটি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। আজকের এই ম্যাচ নিয়ে পরপর তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ভারত ও ইংল্যান্ড। এবার দেখার অপেক্ষায় আজকে কারা জয় অর্জন করে ফাইনালে পৌঁছায় ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *