আজকের দিনেবাংলার আয়না

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- কোচবিহার জেলার দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পাঁচ শ্রমিক । গুরুতর জখম হয়েছেন তিন, আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তারা। গতকাল ১লা মার্চ দুর্ঘটনাটি ঘটে দিনহাটার ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েত এর ষষ্ঠীয়া গ্রামে। স্টোন চিপ তৈরির কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। সেই সময়ে তাঁরা ঢালাই মেশিনের উপর থেকে লোহার রড সরাতে ভুলে যায়। যার জেরেই ঘটে যায় মারাত্বক দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, মৃতরা প্রত্যেকেই রাজমিস্ত্রি ও তাদের সহকারী। এ দিন স্টোন চিপ তৈরির কারখানায় থাকা ঢালাইয়ের মেশিনের উপর একটি লম্বা লোহার রড ছিল।অসাবধানতাবশত শ্রমিকরা মেশিন সরানোর সময়ে ওই রড নীচে নামাতে ভুলে যান। যার ফলে লোহার রড আচমকা ১১ হাজার ভোল্টের হাই-টেনশন বিদ্যুতের তার স্পর্শ করে। যার জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহূর্তের মধ্যে শ্রমিকরা ছিটকে পড়েন মেঝেতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। মৃতদের নাম মুকুল বর্মন, রাজু সেন, মিঠুন পাল, সুমন এবং সঞ্জয় বর্মন। আরো তিনজন আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সকলকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৩ জনের আপাতত সেখানেই চিকিৎসা চলছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরিপ্রেক্ষিতে এসডিপিও প্রশান্ত দেবনাথ বলেন, ‘‘নির্মাণকাজে ব্যবহৃত লিফ্‌টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই পাঁচ জন সকলেই কোচবিহার জেলার বাসিন্দা। তাদের মধ্যে তিন জন ভেটাগুড়ির বাসিন্দা এবং দু’জনের বাড়ি ওকরাবাড়ি এলাকায়।

মর্মান্তিক এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কি ভাবে দুর্ঘটনা ঘটলো? সম্পূর্ণটা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *