বিশ্বকাপ জয়ী বাঙালি জন্য রিচা ঘোষের নামের পাশেও ‘বিচারাধীন’ ছাপ্পা কমিশনের
কিউ ইন্ডিয়া বাংলা:- বিশ্বকাপ জয়ী প্রথম বাঙালি রিচা ঘোষের নামের পাশে বিচারাধীন ছাপ্পা কমিশনের । রিচা ঘোষের নামের পাশেও লেখা ‘আন্ডার অ্যাজুডিকেশন’। যে রিচা ২০২৫ সালে ODI বিশ্বকাপজয়ী ভারতীয় একাদশের সদস্য ছিলেন, যে রিচা ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী বাঙালি তনয়া, তিনিই এ বার সমস্যায় পড়লেন ।
প্রসঙ্গত শিলিগুড়ি বিধানসভার ভোটার রিচা ঘোষ । গতকাল শনিবার ২৮ শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গেল তার নামের পাশে বিচারাধীন লেখা রয়েছে । শুধু তিনি নন তার দিদি সোমাশ্রী ঘোষের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে । কেন এই ধরনের ঘটনা ঘটলো তার কোন উত্তর পাওয়া যায়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকায় রিচা ঘোষের এনিউমারেশান ফর্ম ফিলাপ করেন তার বাবা মানবেন্দ্র ঘোষ । কমিশনের নির্দেশমতো সমস্ত নথি ও জমা দেন তিনি। এস আই আর শুনানি পর্বেও ডাক আসেনি রিচার । তারপরেও তার নামের পাশে অ্যাজুডিকেশন কেন লেখা তা এখনো স্পষ্ট নয়।
রিচা ঘোষের নামের পাশে ভোটার তালিকায় অ্যাজুডিকেশন লেখার ঘটনায় বিরক্ত স্থানীয় বাম কাউন্সিলর মৌসুমী হাজরা। তার বক্তব্য “একটা মেয়ে ক্রিকেটের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে । তার পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত নথি আছে। কিভাবে এই ধরনের হয়রানি করতে পারল ওরা ? রিচা সহ আরো অনেকের নামের পাশে বিচারাধীন লেখা আছে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আগামীকাল ২রা মার্চ মহাকুমা নির্বাচন আধিকারিক এর দপ্তরে আমি যাব” ।
