CM SUVENDU ADHIKARI : রেড রোড থেকে রাষ্ট্রবাদের ডাক: ‘রাজনৈতিক সংকীর্ণতা সরিয়ে বিকশিত বাংলার শপথ’ শুভেন্দুর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আশিতম স্বাধীনতা দিবসে রেড রোডের মঞ্চ থেকে রাষ্ট্রবাদ ও উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM SUVENDU ADHIKARI) । ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দ মহারাজের আদর্শকে স্মরণ করে তিনি বলেন, এই বাংলা তাঁদেরই বাংলা। ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার শপথ নিলেন তিনি।
শনিবার সকালে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন তিনি।(CM SUVENDU ADHIKARI)
বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, “২০৪৭ সালে বিকশিত ভারতের স্বপ্ন তখনই সম্পূর্ণ হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। গৌরবের পশ্চিমবঙ্গ।” তিনি আরও বলেন, ২০ জুন ১৯৪৭ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং প্রণবানন্দ মহারাজের যৌথ প্রতিষ্ঠায় পশ্চিমবঙ্গ ভারতভুক্তির অগ্রাধিকার পায়। (CM SUVENDU ADHIKARI)
রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা রাষ্ট্রবাদের জায়গা, ঋষি অরবিন্দ, নেতাজি, ক্ষুদিরামের মাটি। এই মাটিতে মাতঙ্গিনী হাজরা, বীণা দাসের মতো বীরাঙ্গনারা বাংলার স্বাধীনতা সংগ্রামে লড়াই করে গিয়েছেন। আসুন হাতে হাত মিলিয়ে রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে রেখে বাংলার উন্নয়নে শামিল হই।”
কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন ও সুরক্ষাকে সুনির্দিষ্ট করে পাহাড় থেকে সুন্দরবন পর্যন্ত উন্নয়ন ছড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি। ৯ মে ২০২৬ সালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে নেওয়া শপথের কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৪ জন আইপিএস অফিসারকে ‘মুখ্যমন্ত্রীর পদক’ প্রদান করা হয়। এরপর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ১২টি ট্যাবলো প্রদর্শিত হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অন্নামৃত, কন্যারত্ন ও অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান আরোগ্য মন্দির, দুর্গাশক্তি বাহিনী, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার ট্যাবলো নজর কাড়ে।
এই প্রথমবার রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল স্বাধীনতা দিবস। শ্যামাপ্রসাদ-প্রণবানন্দের আদর্শ ও ২০৪৭ সালের বিকশিত বাংলার লক্ষ্যকে সামনে রেখে রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার বার্তাই এদিনের অনুষ্ঠানের মূল সুর হয়ে উঠল।
