আজকের দিনেতিলোত্তমা

ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বাম রাজনীতির ঘনিষ্ঠ মহলে ফের অস্বস্তি। সিপিএম ঘনিষ্ঠ আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের হল কলকাতায়। তাঁরই জুনিয়র এক মহিলা আইনজীবী বুধবার পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। সেই ভিত্তিতে মামলা রুজু হয়েছে।

অভিযোগকারী জানিয়েছেন, গত বছর তিনি ফিরদৌস শামিমের চেম্বারে জুনিয়র হিসেবে যোগ দেন। এরপর চেম্বারের মধ্যেই তাঁর শ্লীলতাহানি ও যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তিনি প্রথমে আলিমুদ্দিন স্ট্রিটে দলের দফতরেও অভিযোগ জানান। পরে ইমেলের মাধ্যমে পুলিশের কাছে অভিযোগ পাঠান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পর তাঁকে মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানা-য় উপস্থিত হতে বলা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি থানায় এসে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৭৫, ৭৯, ৩৫১(২), ১২৬(২) ধারায় শ্লীলতাহানি, যৌন হেনস্তা, অশ্লীল আচরণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন ও বেআইনি আটক রাখার অভিযোগে মামলা রুজু হয়েছে।

ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। যদিও অভিযুক্ত ফিরদৌস শামিমের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এই ঘটনাকে কেন্দ্র করে বাম মহলে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *