ছাব্বিশের ভোটের আগে ডিজিটাল প্রচারে টাকার ঝাঁপি খুলল বিজেপি !
কিউ ইন্ডিয়া বাংলা :- ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ডিজিটাল প্রচারে জোর বাড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সমাজমাধ্যমে দলের পক্ষে একটি রিল বানালেই মিলবে ২০ হাজার টাকা এমন প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। টাকার বিনিময়ে তরুণ-তরুণীদের কনটেন্ট তৈরিতে যুক্ত করার এই কৌশলকে কেন্দ্র করে উঠছে নানা প্রশ্নও।
সূত্রের খবর, ইনস্টাগ্রামে রিল পিছু ২০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে সেই অর্থ পেতে গেলে মানতে হবে নির্দিষ্ট শর্ত কনটেন্ট ক্রিয়েটরের ইনস্টাগ্রাম প্রোফাইলে অন্তত ১৫ হাজার ফলোয়ার থাকতে হবে, এবং গড় ভিউ ১০ থেকে ১৫ হাজারের মধ্যে হওয়া চাই। পাশাপাশি প্রচার মূলত পশ্চিমবঙ্গভিত্তিক হতে হবে। আগ্রহীদের জন্য একটি নির্দিষ্ট লিঙ্ক দেওয়া হচ্ছে, যেখানে ফর্ম পূরণ করে আবেদন জানাতে বলা হয়েছে।
ভোটের বাজারে সমাজমাধ্যম যে এখন বড় অস্ত্র, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে নবীন প্রজন্মের ভোটারদের কাছে দ্রুত বার্তা পৌঁছে দিতে বিভিন্ন রাজনৈতিক দলই ডিজিটাল প্ল্যাটফর্মকে হাতিয়ার করছে। সেই জায়গা থেকেই কনটেন্ট ক্রিয়েটরদের গুরুত্ব বাড়ছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
উল্লেখযোগ্যভাবে, কনটেন্ট ক্রিয়েটরদের দিকে নজর কেবল বিজেপির নয়। সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে এই ক্ষেত্রের জন্য বিশেষ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অন্যদিকে, ভোটকে সামনে রেখে ‘ডিজিটাল যোদ্ধা’দের একটি আলাদা দল গড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা পরিচালিত হচ্ছে তৃণমূল কংগ্রেস-এর তরফে।
ডিজিটাল প্রচারের এই বাড়বাড়ন্ত আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।
