ভয়ঙ্কর অগ্নিকাণ্ড মিরাটে , ঘরে দগ্ধ অবস্থায় মৃত্যু এক মহিলা সহ পাঁচ শিশু …..
কিউ ইন্ডিয়া বাংলা:- উত্তরপ্রদেশ রাজ্যের মিরাটে মর্মান্তিক ঘটনা। জামাকাপড়ের ব্যবসায়ীর বাড়িতে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত পাঁচ শিশু-সহ ছয় জন। গত সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মিরাটের লিসারি গেট থানা এলাকায় ৩ নম্বর স্ট্রিট, কিদোয়াই নগরে। ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর, মিরাট কিদোয়াই নগরের বাসিন্দা ইকবাল আনসারির বাড়িতে গতকাল ২৩ শে ফেব্রুয়ারি সোমবার রাত ৮:৩০ থেকে ৯ নাগাদ আগুন লাগে বলে অনুমান। বাড়িটির নীচের তলায় একটি পোশাকের গোডাউন ছিল। সেখানেই প্রথম আগুন লাগে। গুদামে প্রচুর পরিমাণে কাপড় মজুত থাকার কারণে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার সময় ব্যবসায়ী ইকবাল, তাঁর ভাইয়ের সঙ্গে কাছের একটি মসজিদে নমাজ পড়তে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন ইকবাল স্ত্রী রুখসার (৩০) ও তাঁর তিন সন্তান আকদাস (৩), যমজ কন্যা নাবিয়া ও ইনায়েত (৬ মাস)। ছিল ভাগ্নে হাম্মাদ (৪) এবং ভাগ্নী মাহভিশও (১২)। আগুনের লেলিহান শিখায় বাড়িতে উপস্থিত মহিলা ও শিশুরা আটকে পড়েন। আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে দোতলার একটি ঘরে ঢুকে খিল তুলে দেন তাঁরা। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। আগুন সিঁড়িতে পৌঁছে যাওয়ায় নীচে নামতে পারেননি দুই মহিলা ও পাঁচ শিশু। কিছুক্ষণের মধ্যেই আগুন ঘরে পৌঁছে যায়। এবং সেই আগুনে দগ্ধ হয়ে মৃত্যু ঘটে মহিলা সহ পাঁচ শিশুর। আরও এক মহিলাকে সাংঘাতিক জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ।
আগুন লাগার পর তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা দমকল বিভাগে খবর দেন । ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বেগ পেতে হয় দমকল কর্মীদের । কারণ যে বাড়িটিতে আগুন লেগেছিল সেটি অত্যন্ত সরু গলির মধ্যে অবস্থিত । দমকলকর্মীদের ঘণ্টাখানেকের প্রচেষ্টায় নেভে আগুন। তার পরে পাশের বাড়ির ছাদ ব্যবহার করে বাড়িতে ঢুকে বাসিন্দাদের উদ্ধার করেন দমকলকর্মীরা। অচেতন অবস্থায় সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান দমকল বিভাগের । পাঁচ শিশুসহ এক মহিলার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
