নামিবিয়ার বিপক্ষে আজ পাকিস্থান ম্যাচের প্রস্তুতি সেরে নিতে চায় ভারত
কিউ ইন্ডিয়া বাংলা:- নামিবিয়ার বিরুদ্ধে আজ বিশ্বকাপের গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার ১২ ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টা থেকে মুখোমুখি হচ্ছে এই দুই দল । আজকের ম্যাচ জিতে ২ পয়েন্ট পেয়ে টেবিলে এগিয়ে যাওয়া ও পাকিস্থান ম্যাচের প্রস্তুতি সেরে নিতে নামবে সূর্যকুমাররা।
নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতের ওপেনিং জুটিতে বদল হতে পারে । চোটের কারণে অভিষেক শর্মাকে আজকের ম্যাচে নাও পেতে পারে ভারত । সেখানে সঞ্জু স্যামসনকে ওপেনিংয়ে খেলাতে হবে । সঞ্জুর ব্যাটে এখন রানের খরা চলছে সেই বিষয়ে টিম ম্যানেজমেন্ট কিছুটা চিন্তায় রয়েছে । মিডল অর্ডারে অধিনায়ক সূর্য ছাড়া আমেরিকার বিরুদ্ধে গত ম্যাচে রান পাননি । বাকিদেরকেও ফর্মে ফিরতে হবে । বোলিং বিভাগে একটি পরিবর্তন করতে পারেন হেডকোচ গৌতম গম্ভীর। মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হতে পারে , তার জায়গায় জসপ্রিত বুমরা প্রথম একাদশে ফিরতে পারেন । অর্শদীপকে বসিয়ে বুমরাকে খেলিয়ে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট।
অপরদিকে নামিবিয়া নেদারল্যান্ডের কাছে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। দলের অন্যতম অলরাউন্ডার নিকোল বলেন “ভারতের বিরুদ্ধে খেলা সব সময় কঠিন। আর সেই কারণেই আমার মনে হয়, চাপটা ভারতেরই উপরে। আমাদের হারানোর কিছু নেই। আমরা দল হিসেবে কতটা ভালো, তুলে ধরার চেষ্টা যেমন করব, সেই সঙ্গে দলে কতটা প্রতিভা রয়েছে।” নামিবিয়ার পক্ষ থেকে ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও তোলা হয়। অধিনায়ক জেরার্ড ইরাসমাস জানিয়েছেন, তাঁর দলকে রাতে অনুশীলন করার কোনও সুযোগ দেওয়া হয়নি। সেখানে ভারত দু’দিন রাতে অনুশীলন করতে পেরেছে। তিনি বলেছেন, “এই ম্যাচের আগে এক দিনও রাতে অনুশীলন করার সুযোগ পাইনি। জানি না কেন। কিন্তু ভারতকে অন্তত দু’বার রাতে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে। এ বার আপনারা যা বোঝার বুঝে নিন।”
নামিবিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ- সঞ্জু স্যামসন, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং/মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী।
