আজকের দিনেবাংলার আয়না

এনআইএ তদন্ত বহাল, ইউএপিএ নিয়ে রিপোর্টের নির্দেশ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বেলডাঙার অশান্তির ঘটনায় তদন্ত করবে জাতীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের আবেদন সত্ত্বেও এই মামলায় কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে মামলা ফেরত পাঠানো হয়েছে কলকাতা হাই কোর্টে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, তদন্ত চলাকালীন ইউএপিএ প্রয়োগের প্রাথমিক ভিত্তি আছে কিনা, তা জানিয়ে এনআইএ-কে সিল করা খামে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতির বেঞ্চ সেই রিপোর্ট স্বাধীনভাবে বিবেচনা করবে এবং রাজ্য সরকারের আবেদনও শুনবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৬ জানুয়ারি ঝাড়খণ্ডে বেলডাঙার এক সংখ্যালঘু যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। উত্তেজিত জনতা পথ অবরোধ ও ট্রেন অবরোধ শুরু করে। একাধিক জায়গায় ভাঙচুরের ঘটনাও ঘটে। ১৭ জানুয়ারিও একইভাবে উত্তেজনা বজায় থাকে এলাকায়। জাতীয় সড়ক অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত হওয়া, সাংবাদিকদের মারধর দিনভর উত্তপ্ত ছিল পরিস্থিতি। পরে পুলিশ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এরপর এনআইএ তদন্তের দাবি তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দেয়।
এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং এনআইএ তদন্তে স্থগিতাদেশ চায়। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে সেই আবেদনের শুনানি হয়। দীর্ঘ শুনানির পর আদালত জানায়, প্রায় এক মাস আগে এনআইএ তদন্তভার পেয়েছে এবং এফআইআরও দায়ের হয়েছে। তাই এই পর্যায়ে তদন্তে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না।
তবে ইউএপিএ-র ১৫ নম্বর ধারা প্রয়োগের যৌক্তিকতা নিয়ে কোনও মতামত দেয়নি সুপ্রিম কোর্ট। এই বিষয়ে এনআইএ-র রিপোর্ট জমা পড়ার পর কলকাতা হাই কোর্ট বিষয়টি পর্যালোচনা করবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *