বর্ধমানে সাড়ে ছয় লক্ষ টাকা উদ্ধার, বিজেপি সাংসদের পিএ-এর নাম জড়াল
কিউ ইন্ডিয়া বাংলা :- বর্ধমান শহরে একটি চারচাকা গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজনৈতিক মহলে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। উদ্ধার হওয়া টাকার সঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর আপ্ত সহায়ক (পিএ) হৃদয় পালের নাম জড়িয়ে পড়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ উপনগরী এলাকায় একটি চারচাকা গাড়িকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই দু’জনকে আটক করা হয়। পরে সাংবাদিক বৈঠক করে পুলিশ জানায়, ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বিভিন্ন বালিঘাট থেকে এই টাকা সংগ্রহ করা হয়েছে। এই টাকা সংগ্রহের সঙ্গে হৃদয় পালের নাম উঠে এসেছে বলে দাবি পুলিশের। হৃদয় পাল বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর আপ্ত সহায়ক হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার ধৃত বাপন হাঁসদা ও সৌরভ ঘোড়ুইকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়। ধৃত দু’জনেরই বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোড় এলাকায়। আদালত তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের পুলিশ টিম একটি গাড়ি আটক করে। সেখান থেকে দু’জনকে আটক করা হয় এবং প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন বালিখাদ থেকে এই টাকা তোলা হয়েছে। তাদের কাছ থেকে আরও জানা যায়, হৃদয় পাল নামে এক ব্যক্তি এই টাকা সংগ্রহের জন্য তাঁদের পাঠিয়েছিল। ওই হৃদয় পাল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর পিএ। সমস্ত তথ্য নথিভুক্ত করে তাদের গ্রেফতার করা হয়েছে এবং আদালতের নির্দেশে ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, “কারা কারা এই টাকা দিয়েছে, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, সকলের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে, সেটি অন্য এক ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, প্রয়োজনে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। গোটা ঘটনার তদন্ত চলছে।
