আজকের দিনেভারত

বৈধ কারণ না থাকলে ভরণপোষণ নয়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বৈধ কোনও কারণ ছাড়া যদি কোনও স্ত্রী স্বামীর কাছ থেকে আলাদাভাবে বসবাস করেন, তাহলে তিনি ভরণপোষণের অধিকারী নন এমনই গুরুত্বপূর্ণ রায় দিল ছত্তিশগড় হাইকোর্ট। সোমবার বিলাসপুর পারিবারিক আদালতের একটি রায় বহাল রেখে এই সিদ্ধান্ত জানাল হাইকোর্ট।

এই ঘটনাটি বিলাসপুরের বাসিন্দা প্রবীণ কুমার ভেদুলার সঙ্গে তাঁর স্ত্রীর দাম্পত্য বিবাদ ঘিরে। স্বামীর বিরুদ্ধে ভরণপোষণের আবেদন করেছিলেন ওই মহিলা। সেই মামলার শুনানিতে আগেই আবেদন খারিজ করেছিল বিলাসপুরের পারিবারিক আদালত। ওই রায়কে চ্যালেঞ্জ করে ছত্তিশগড় হাইকোর্টে আবেদন জানান মহিলা। তবে হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে পারিবারিক আদালতের রায়ই বহাল রাখে।

প্রধান বিচারপতি রমেশ সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, পারিবারিক আদালতের রায়ে কোনও আইনি ত্রুটি নেই। তাই এই মামলায় হাইকোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই। আদালত জানায়, স্বামী হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের আবেদন করেছিলেন। অর্থাৎ, স্ত্রী চাইলে স্বামীর বাড়িতে ফিরে গিয়ে বৈবাহিক জীবন আবার শুরু করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। সেই কারণেই ভরণপোষণ দাবি করার অধিকার তাঁর নেই।

ওই মহিলা অভিযোগ করেছিলেন, বিয়ের মাত্র চার দিনের মধ্যেই তাঁর কাছে একটি গাড়ি ও ১০ লক্ষ টাকা দাবি করা হয়। পাশাপাশি, তাঁর উপর মৌখিক, শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। এমনকী, পুলিশে অভিযোগ জানাতেও বাধা দেওয়া হয়েছিল বলে দাবি করেন। যদিও এই সংক্রান্ত তদন্ত রিপোর্টে স্বামীর পক্ষেই মত দেওয়া হয়।

পারিবারিক আদালত জানায়, ফৌজদারি দণ্ডবিধির ১২৫(৪) ধারায় স্পষ্টভাবে বলা আছে যুক্তিসঙ্গত কারণ ছাড়া স্ত্রী যদি আলাদা থাকেন, তাহলে তিনি ভরণপোষণ পাবেন না। সেই আইন মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছত্তিশগড় হাইকোর্টও জানায়, এই রায় আইনসম্মত এবং পুনর্বিবেচনার কোনও প্রয়োজন নেই। এই মামলায় স্বামীর পক্ষে সওয়াল করেন আইনজীবী নেলসন পান্না ও আশুতোষ মিশ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *