Budget26-Gas-Market : বাজেটের দিনেই গ্যাসে ধাক্কা !
কিউ ইন্ডিয়া বাংলা :- কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিনেই মধ্যবিত্তের কপালে নতুন চিন্তার ভাঁজ। ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। পরপর দুই মাসে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে, এবার এক ধাক্কায় ৫০ টাকা করে। ফলে বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশার মাঝেই খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল।
প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দামের ওঠানামার উপর ভিত্তি করে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি এলপিজি ও অন্যান্য জ্বালানির দাম নির্ধারণ করে। সেই নিয়ম মেনেই বাজেটের দিন দেশজুড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম বৃদ্ধির প্রভাবেই এই মূল্যবৃদ্ধি বলে জানা যাচ্ছে।
আইওসিএলের তথ্য অনুযায়ী, দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৪৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,৭৪০.৫০ টাকায়। কলকাতা ও মুম্বইতে দাম বেড়েছে ৪৯.৫ টাকা করে। এর ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১,৮৪৪.৫০ টাকা।
গত দুই মাসের হিসাব ধরলে দাম বৃদ্ধির অঙ্ক আরও বড়। দিল্লিতে এই সময়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে মোট ১৬০ টাকা। কলকাতায় বৃদ্ধি ১৬০.৫০ টাকা, মুম্বইতে ১৬০.৫ টাকা এবং চেন্নাইতে ১৬০ টাকা। তবে সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দামে আপাতত কোনও পরিবর্তন হয়নি। টানা ১০ মাস ধরে এই সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। শেষবার ২০২৫ সালের এপ্রিল মাসে গৃহস্থালি গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৮৭৯ টাকা।
