তিন মাস পর মুক্তি, বাংলাদেশ থেকে ফিরলেন ১৪ ভারতীয় মৎস্যজীবী
কিউ ইন্ডিয়া বাংলা :- দীর্ঘ তিন মাসের উৎকণ্ঠার পর অবশেষে বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে নিজের দেশের মাটিতে ফিরেছেন ১৪ জন ভারতীয় মৎস্যজীবী। তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ অক্টোবর ‘এফবি শুভযাত্রা’ নামের ট্রলারে চড়ে কুলতলী থেকে ১৪ জন মৎস্যজীবী গভীর সমুদ্রে রওনা দেন। ১৯ অক্টোবর মাঝ সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়, যার ফলে ট্রলারটি ভেসে ভেসে বাংলাদেশের জলসীমায় পৌঁছায়।তারপর অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের নৌবাহিনী তাঁদের আটক করে এবং বাগেরহাট জেলা আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়।
কূটনৈতিক আলোচনার পর ভারতের এবং বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর উপস্থিতিতে দুই দেশের মৎস্যজীবীদের বিনিময় সম্পন্ন হয়। এই প্রক্রিয়ায় ভারত ২৩ জন মৎস্যজীবীকে ফেরত পায় এবং বিনিময়ে ১১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে তাঁদের দেশে পাঠানো হয়। ২৩ জন ভারতীয় মৎস্যজীবীর মধ্যে ১৪ জন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, কুলতলী ও হুগলির, এবং বাকি ৯ জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।
ফ্রেজারগঞ্জ বন্দরে কাকদ্বীপ মহকুমা শাসক প্রীতম সাহা, পুলিশ ও উপকূল রক্ষী বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে মৎস্যজীবীদের প্রত্যেককে তাঁদের নিজেদের পরিবারে হস্তান্তরিত করা হয়। স্বভাবতই প্রিয়জনদের ফিরে পেয়ে পরিবারগুলোতে আনন্দের মুহূর্ত ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় পর ঘরে ফিরে আবেগপ্লুত মৎস্যজীবীরাও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
