Madhyamik-High Court : মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড পায়নি ছাত্র, ঘটনায় স্কুলকে জরিমানা হাইকোর্টের !
কিউ ইন্ডিয়া বাংলা :- আগামী ২রা ফেব্রুয়ারি থেকে এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে , তার দুদিন আগেও এক ছাত্র অ্যাডমিট কার্ড হাতে পায়নি । এই গাফিলতির অভিযোগ উঠেছে ভবানীপুরের একটি নামী স্কুলের বিরুদ্ধে ।
মামলাকারী ওই ছাত্রের নাম অয়ন দাস। আজ শুক্রবার ৩০ শে জানুয়ারিসকাল অব্দি অ্যাডমিট কার্ড ছাত্রটি পায়নি । পরীক্ষার বাকি মাত্র আর দুই দিন, তার আগে অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায় বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সে ।
আজ শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে মামলাটি । এবং সেই মামলায় ওই স্কুলকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারপতি । ওই ছাত্রটির কাছ থেকে তার এনরোলমেন্ট নাম্বার জেনে বিচারপতি মধ্যশিক্ষা পর্ষদ কে আজ সন্ধ্যের মধ্যে জরুরী ভিত্তিতে ওই ছাত্রটির কাছে অ্যাডমিট কার্ড পৌঁছানোর নির্দেশ দেন। এর পাশাপাশি ভবানীপুরের ওই স্কুলটির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট । কিভাবে এই গাফিলতির ঘটনাটি ঘটলো ? তা দ্রুত খতিয়ে দেখা হচ্ছে ।
