আজকের দিনেভারত

500 Note : ৫০০ টাকার নোটে নাজেহাল মানুষ, সমাধানে আসছে Hybrid ATM….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দোকানে গিয়ে জিনিস কিনতে হলে অনেক সময়ই পঞ্চাশ বা একশো টাকার খুচরো দরকার হয়। কিন্তু এখন এটিএম থেকে টাকা তুললেই বেশিরভাগ ক্ষেত্রে ৫০০ টাকার নোটই পাওয়া যায়। ফলে হাতে টাকা থাকলেও খুচরোর অভাবে দোকানে দোকানে ঘুরতে হয়। অনেক সময় দোকানদার খুচরো না থাকার কারণে জিনিস বিক্রি করতেও পারেন না। এতে সাধারণ মানুষ খুবই সমস্যায় পড়ছেন।

এখন যদিও মোবাইলে ইউপিআই বা ডিজিটাল পেমেন্টের ব্যবহার অনেক বেড়েছে, তবুও এখনও অনেক জায়গায় নগদ টাকা ছাড়া লেনদেন হয় না। গ্রামাঞ্চল, ছোট দোকান, বাস-ট্রাম, হকার অনেকেই এখনও ডিজিটাল পেমেন্ট নিতে চান না বা নিতে পারেন না। আবার বহু মানুষ এখনও মোবাইল পেমেন্টে অভ্যস্ত নন। তাই খুচরো টাকার প্রয়োজন প্রতিদিনই হচ্ছে।

এই সমস্যা মেটাতেই নতুন ভাবনা করছে কেন্দ্রীয় সরকার। পরিকল্পনা করা হচ্ছে, বিশেষ ধরনের হাইব্রিড এটিএম চালু করার। এই এটিএম থেকে ১০, ২০ ও ৫০ টাকার নোট পাওয়া যাবে। শুধু টাকা তোলা নয়, বড় নোট দিলে সেখান থেকে ছোট নোটে খুচরোও নেওয়া যাবে।

এই ধরনের এটিএম মূলত বসানো হবে এমন জায়গায়, যেখানে প্রতিদিন অনেক টাকা লেনদেন হয়। যেমন— বাজার, হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বড় বাণিজ্যিক এলাকা ইত্যাদি। যেখানে মানুষের যাতায়াত বেশি, সেখানেই এই এটিএম বেশি কাজে আসবে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই মুম্বইয়ে পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। সেখানে এই এটিএম কতটা কাজে আসছে, মানুষ কতটা ব্যবহার করছেন সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। যদি এই পাইলট প্রজেক্ট সফল হয়, তাহলে ধাপে ধাপে সারা দেশেই এই ধরনের এটিএম বসানো হতে পারে।

তবে এই পরিকল্পনা নিয়ে কিছু প্রশ্নও রয়েছে। কারণ এখন বাজারে যে ১০ ও ২০ টাকার নোট ঘোরাফেরা করছে, তার অনেকগুলিই ছেঁড়া, দাগ লাগা বা খারাপ অবস্থায় থাকে। অনেক দোকানদার এমন নোট নিতে চান না। যদিও এখন ১০ ও ২০ টাকার কয়েন বেশ ভালোভাবেই চলতে শুরু করেছে।

তাই বিশেষজ্ঞদের মতে, যদি ছোট নোটের জোগান ঠিকঠাক না বাড়ে, তাহলে শুধু নতুন এটিএম বসালেই সমস্যার পুরো সমাধান হবে না। তবুও সাধারণ মানুষের খুচরোর সমস্যার কথা মাথায় রেখে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *