আজকের দিনেবাংলার আয়না

Leopard-Alipurduar : লেপার্ডের হামলায় আহত সাত গ্রামবাসী, ক্ষোভে পিটিয়ে মারা হল লেপার্ড কে …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার ধনিরামপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় লেপার্ডের হামলায় চরম আতঙ্ক ছড়াল। কলি নদীর সেতুর কাছে হঠাৎই একটি লেপার্ড ঢুকে পড়ে এলাকায়। শুক্রবার বিকেলের এই ঘটনায় লেপার্ডের হামলায় সাতজন গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল ও বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেলে হঠাৎই লেপার্ডটি এলাকায় ঢুকে পড়ে এবং সামনে যাকে পেয়েছে তাকেই আক্রমণ করে। একের পর এক সাতজন গ্রামবাসী লেপার্ডের হামলায় জখম হন। মুহূর্তের মধ্যে এলাকায় হুলুস্থূল শুরু হয়ে যায়। আতঙ্কে মানুষজন ছুটোছুটি শুরু করেন। অভিযোগ, লেপার্ডটি আরও গ্রামবাসীদের দিকেও তেড়ে যাচ্ছিল। সেই সময় নিজেদের প্রাণ বাঁচাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষুব্ধ ও আতঙ্কিত জনতা লেপার্ডটিকে ঘিরে ধরে পিটিয়ে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই লেপার্ডটির মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং লেপার্ডের মৃতদেহ উদ্ধার করেন। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা সেখানে রয়েছেন।

এই ঘটনায় জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও ভি ভিকাশ জানান, “আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনিরামপুর গ্রামে একটি লেপার্ড ঢুকে পড়েছিল। লেপার্ডের হামলায় সাতজন আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসা চলছে। ঘটনাস্থল থেকে লেপার্ডের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এটি ইচ্ছাকৃতভাবে পিটিয়ে মারা হয়েছে, নাকি আত্মরক্ষার জন্য এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। লেপার্ডের মৃতদেহ ময়নাতদন্ত করা হবে।”

এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই জঙ্গল লাগোয়া এলাকায় বন্যপ্রাণীর উপদ্রব বাড়ছে। বনাঞ্চল থেকে বেরিয়ে এসে প্রায়ই লেপার্ড গ্রামে ঢুকে পড়ছে, যার ফলে মানুষের প্রাণহানির আশঙ্কা তৈরি হচ্ছে। এই ঘটনার পর বন দপ্তরের তরফে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *