Street Dog-Telangana : তেলঙ্গানায় ফের পথকুকুর হত্যা, হানমকোন্ডায় ২০০ কুকুর খুনের অভিযোগ….
কিউ ইন্ডিয়া বাংলা :- তেলেঙ্গানায় পথকুকুর হত্যার ঘটনা ক্রমেই উদ্বেগজনক আকার নিচ্ছে। হানমকোন্ডা এলাকায় প্রায় ২০০টি পথকুকুরকে বিষ প্রয়োগ করে হত্যা করার অভিযোগ নতুন করে সামনে এসেছে। এই ঘটনার পর সোমবার শায়মপেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী আদিলাপুরম গৌতম। তিনি জানান, গত বছরের ডিসেম্বর মাস থেকে তেলেঙ্গানার বিভিন্ন এলাকায় পথকুকুরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে এবং এখন পর্যন্ত রাজ্য জুড়ে প্রায় ১১০০টির বেশি পথকুকুর মারা গেছে। মৃত কুকুরগুলোর দেহকে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে যাতে ঘটনাটি গোপন থাকে। আদিলাপুরম গৌতম অভিযোগ করেছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলে দেখা গেছে যে একাধিক এলাকায় এই হত্যাকাণ্ড চালানোর ক্ষেত্রে পঞ্চায়েত প্রধানদের উসকানি রয়েছে। তিনি আরও জানান,পথকুকুরের সংখ্যা কমানোর নামে পরিকল্পিতভাবে গণহারে কুকুর হত্যা করা হচ্ছে এবং এই ঘটনা দীর্ঘদিন ধরে চলছেই।
শায়মপেট থানার পুলিশ জানিয়েছে যে নতুন করে দায়ের হওয়া অভিযোগের সঙ্গে আগের সমস্ত ঘটনারও তদন্ত চলছে। এর আগে শায়মপেট ও আরেপল্লি গ্রামে প্রায় ৩০০টি পথকুকুর হত্যার ঘটনায় FIR দায়ের করা হয়েছে। সেই মামলায় দু’জন মহিলা সরপঞ্চ ও তাঁদের স্বামী-সহ মোট নয়জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযানও শুরু হয়েছে। পশুপ্রেমী সংস্থা মনে করছে, গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা গ্রামের মানুষদের কাছে পথকুকুরের উৎপাত কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের নামে এখন এই সুপরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হচ্ছে।
হানমকোন্ডার পাশাপাশি তেলেঙ্গানার অন্যান্য জেলায়ও একই ধরনের ঘটনা ঘটেছে। ইয়াচারাম গ্রামে প্রায় ১০০টি কুকুর হত্যার অভিযোগে সরপঞ্চ ও পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে। কামারেড্ডি জেলায় প্রায় ২০০টি কুকুর হত্যার অভিযোগে পাঁচজন সরপঞ্চসহ ছ’জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জগতিয়াল জেলার পেগাদাপল্লী গ্রামে প্রায় ৩০০টি কুকুরকে বিষাক্ত ইনজেকশন ব্যবহার করে হত্যা করার অভিযোগ উঠে, সেখানে সরপঞ্চ ও পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সব ক্ষেত্রেই অভিযোগ উঠেছে যে কুকুরগুলোকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে।
পশুপ্রেমী সংস্থার কর্মীরা দাবি করেছেন, এই ধরনের হত্যাকাণ্ড কেবল নিষ্ঠুর নয়, বরং আইনেরও পরিপন্থী। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য টিকাকরণ ও নির্বীজকরণ প্রয়োজন, অথচ এখন বিষ প্রয়োগ করে হত্যা করা হচ্ছে। আদিলাপুরম গৌতম বলেন, “নিরীহ প্রাণীদের এভাবে হত্যা করলে সমাজে ভুল বার্তা যাবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।”
এভাবে রাজ্যের একের পর এক জেলায় পথকুকুর হত্যার অভিযোগ আসছে এবং তা প্রতিরোধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা সামনে এসেছে। পশুপ্রেমী সংস্থাগুলি এবং স্থানীয় মানুষদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের নিষ্ঠুর ঘটনা আর না ঘটে এবং জনসাধারণ ও প্রাণী উভয়ের সুরক্ষা নিশ্চিত করা যায়।
