Death-Swarupnagar : দুই বন্ধুর রহস্য মৃত্যু স্বরূপনগরে …..
কিউ ইন্ডিয়া বাংলা :- সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি দুই তরুণ। শনিবার সকালে স্বরূপনগরের গোবিন্দপুরে একটি আমবাগানের একই গাছ থেকে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতদের নাম রাকিবুল মণ্ডল (২০) ও রাজ ভদ্র (২২)।
রাকিবুল গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তিনি একাদশ শ্রেণির পড়ুয়া। রাজ থাকতেন দত্তপাড়া এলাকায়। শুক্রবার সরস্বতী পুজো উপলক্ষে দু’জন একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। রাত হয়ে গেলেও তাঁরা বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান পরিবারের লোকজন। খোঁজাখুঁজি চললেও কোনও সন্ধান মেলেনি।
শনিবার সকালে স্থানীয়রা একটি আমগাছ থেকে দু’জনের ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুই বন্ধু আত্মঘাতী হয়েছেন। তবে আত্মহত্যার কোনও স্পষ্ট কারণ এখনও জানা যায়নি। পরিবারের দাবি, বাড়িতে কোনও অশান্তি ছিল না। সব কিছু স্বাভাবিকই ছিল। তাই খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা, সেই প্রশ্নও উঠছে।
রাকিবুলের পরিবারের এক সদস্য জানান, সকালে ছেলেটি বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে না ফেরায় নিখোঁজ ডায়েরি করার প্রস্তুতি চলছিল। তার আগেই এই দুঃসংবাদ আসে। রাজের বাবার কথায়, ছেলে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল। এরপর আর কোনও খবর পাওয়া যায়নি।
ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
