আজকের দিনেখেলা

ODI RANKINGS : ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বড় রদবদল, ইংল্যান্ডকে টপকে ৭ নম্বরে উঠল আফগানিস্তান, শীর্ষে ভারত

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ত্রিদেশীয় সিরিজ জয়ের পুরস্কার পেল আফগানিস্তান (ODI RANKINGS)। জিম্বাবোয়েকে হারিয়ে ওয়ানডে ক্রমতালিকায় বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পিছনে ফেললেন রশিদ খানরা। ৮ থেকে ৭ নম্বরে উঠে এল আফগানিস্তান, অন্যদিকে শীর্ষস্থান ধরে রাখল টিম ইন্ডিয়া (ODI RANKINGS)।

শুক্রবার শারজায় ফাইনালে জিম্বাবোয়েকে ১৬৯ রানেই গুটিয়ে দেয় আফগানিস্তান। অধিনায়ক রশিদ খান ৩ উইকেট নেন, ফজলহক ফারুকি, মহম্মদ নবি ও বিলাল সামি দুটি করে উইকেট নেন। জবাবে ইব্রাহিম জাদরানের অপরাজিত ৭০ রানে ভর করে ৩৫ ওভারেই জয় তুলে নেয় আফগানরা। ওপেনার রহমনুল্লাহ গুরবাজ ৩৬ ও রহমত শাহ ৪৩ রান করেন। ম্যাচের সেরা জাদরান, আর ১১ উইকেট নিয়ে সিরিজ সেরা রশিদ।

এই জয়ে আফগানিস্তানের ২ রেটিং পয়েন্ট বেড়ে হল ৯৪। ইংল্যান্ডের পয়েন্ট ৯৩, তারা নেমে গেল ৮ নম্বরে। জিম্বাবোয়ে ফাইনালে উঠেও ১১ নম্বরেই থাকল, তাদেরও ২ পয়েন্ট বেড়েছে। অন্যদিকে একটিও ম্যাচ না জিতে ২ পয়েন্ট খুইয়েও ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ (ODI RANKINGS)।

বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত – ৩৬ ম্যাচে ১১৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড (১০৯), তৃতীয় দক্ষিণ আফ্রিকা (১০৪)। এরপর পাকিস্তান (১০৩), অস্ট্রেলিয়া (১০২) ও শ্রীলঙ্কা (৯৫)। সাত নম্বরে উঠে আসা আফগানিস্তান (৯৪) টপকে গেল ২০১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (৯৩)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *