ক্যানিংয়ের দিঘীরপাড়ে ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেফতার, উদ্ধার টাকা গোনার মেশিন-অস্ত্র
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি: – দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে পুলিশের বড়সড় সাফল্য। দিঘীরপাড় এলাকা থেকে গ্রেফতার ডাকাতির মাস্টারমাইন্ড শংকর সর্দার। তার বাড়ি থেকে উদ্ধার টাকা গোনার মেশিন, নগদ ৬৫ হাজার টাকা, ধারালো অস্ত্র ও গাঁজা গাছ।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত এক নম্বর দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর দিঘীরপাড়ে শুক্রবার হানা দেয় পুলিশ। শংকর সর্দারের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি টাকা গোনার মেশিন, প্রায় ৬৫ হাজার টাকা নগদ এবং দুটি ধারালো অস্ত্র। বাড়ির চারপাশে একাধিক গাঁজা গাছও মেলে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ জানিয়েছে, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর ক্যানিং থানার ডাবু এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ৭-৮ জন দুষ্কৃতী জড়ো হয়েছিল। গোপন খবরের ভিত্তিতে পুলিশ হানা দিয়ে তখন চারজনকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করেই উঠে আসে শংকর সর্দারের নাম। তদন্তে জানা যায়, ডাকাতির মূল চক্রী ছিল এই শংকরই। দীর্ঘদিন গা ঢাকা দেওয়ার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সে। অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হবে বলে জানিয়েছে ক্যানিং থানা।
ডাবুর ডাকাতির ঘটনায় মাস্টারমাইন্ডের বাড়ি থেকে টাকা গোনার মেশিন ও বিপুল নগদ উদ্ধার হওয়া প্রমাণ করছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গ্রামীণ এলাকাতেও সংগঠিত অপরাধচক্র সক্রিয় এবং তাদের কাছে আধুনিক সরঞ্জাম মজুত রয়েছে। গাঁজা চাষের হদিস মেলায় মাদক ও অপরাধের যোগসূত্রও স্পষ্ট হচ্ছে। শংকরকে জেরা করে এই চক্রের শিকড় কতদূর ছড়িয়েছে, সেটাই এখন পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
