West Indies Comeback : হোপের শতরানে ধরাশায়ী বিশ্বচ্যাম্পিয়নরা, হায়দরাবাদে ভারতকে হারিয়ে সিরিজে কামব্যাক ওয়েস্ট ইন্ডিজের !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- পাঁচ ম্যাচের সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই। চারটে ম্যাচ শেষ হয়েও নিষ্পত্তি হল না সিরিজের। দু’বার পিছিয়ে পড়েও টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক করল ওয়েস্ট ইন্ডিজ। বুধবার হায়দরাবাদে ব্যাটে-বলে ভারতকে ধরাশায়ী করে সিরিজ ২-২ করল শাই হোপরা।(West Indies Comeback)
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু সতীর্থদের জঘন্য বোলিং-ফিল্ডিং তাঁকে দিশেহারা করে দেয়। ফর্মে থাকা অধিনায়ক শাই হোপ খেললেন অধিনায়কোচিত ইনিংস – ৫০ বলে অপরাজিত ১০২ রান, ৪টি চার ও ৯টি ছক্কা সহ। তাঁকে যোগ্য সঙ্গ দেন শারফেন রাদারফোর্ড ২৬ বলে অপরাজিত ৪৯, শিমরন হেটমায়ার ১২ বলে ৩৩ ও রভম্যান পাওয়েল ১৭ বলে ২৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৪৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের বোলিং এদিন ক্লাব স্তরের থেকেও খারাপ। ময়ঙ্ক যাদব ও অর্শদীপ সিং দুজনেই ৪ ওভারে ৫২ রান করে খরচ করেন। অক্ষর পটেল ৪ ওভারে ৪৫ রানে ১ উইকেট, নীতীশ রেড্ডি ৩ ওভারে ৩৯ রান, নমন ধীর ১ ওভারে ১৯ রান দেন। একাধিক সহজ ক্যাচ মিস ভারতের হতাশা আরও বাড়ায়।(West Indies Comeback)
জবাবে ২৪৮ রান তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেন সঞ্জু স্যামসন – ২৩ বলে ৫৬ রান। কিন্তু একই ওভারে সঞ্জু ও ঈশান কিশানকে ৬ রানে ফিরিয়ে ভারতকে ধাক্কা দেন কিমো পল। এরপর অভিষেক শর্মা ২৪ বলে ২৯ ও শ্রেয়স আইয়ার ১১ বলে ১৬ রান করে ব্যর্থ হন। মাঝে তিলক বর্মা ২৫ বলে ৪৩ ও নীতীশ রেড্ডি ২০ বলে ৪১ রান করে লড়াইয়ের চেষ্টা করলেও ১৯তম ওভারে ৩ উইকেট নিয়ে ভারতের আশা শেষ করে দেন কিমো পল। ভারতের ইনিংস থামে ১৯.৩ ওভারে ৯ উইকেটে ২২৩ রানে। অর্শদীপ আহত হওয়ায় শেষ পর্যন্ত ব্যাট করতে পারেননি। কিমো পল ৪১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা।
২৪ রানের এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজ এখন ২-২। ট্রফি কার হাতে উঠবে তা নির্ধারণ হবে পঞ্চম ও শেষ ম্যাচে। হায়দরাবাদের এই হার কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনা নিয়েও বড় প্রশ্ন তুলে দিল।(West Indies Comeback)
