CYBER FRAUD : বিধাননগরে সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস, ভুয়ো অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন – গ্রেফতার ৪
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- বিধাননগরে বড়সড় সাইবার প্রতারণা চক্রের হদিশ পেল পুলিশ। মিউল অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে ইকো পার্ক এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানা (CYBER FRAUD)।
ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই চক্রের খোঁজ মেলে। তদন্তে জানা গেছে, বিধাননগর এলাকার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ‘মিউল অ্যাকাউন্ট’ হিসেবে ব্যবহার করা হচ্ছিল (CYBER FRAUD)। দেশের বিভিন্ন রাজ্যে সাইবার প্রতারণার মাধ্যমে লুঠ করা টাকা এই অ্যাকাউন্টগুলিতে জমা পড়ত। এরপর সেই টাকা কৌশলে স্থানীয় ব্যাঙ্ক থেকে নগদ ও চেকের মাধ্যমে তুলে নেওয়া হত (CYBER FRAUD)।
ধৃতরা হলেন – সায়ন ঘোষ, সায়ন মন্ডল, মহঃ জাহিরুদ্দিন এবং অভিষেক কুমার ভূঞা। সকলেই ইকো পার্ক থানা এলাকার বাসিন্দা।
পুলিশের অনুমান, ধৃতরা বহু-রাজ্য জুড়ে চলা সংঘবদ্ধ সাইবার প্রতারণা এবং মানি লন্ডারিং চক্রের সঙ্গে যুক্ত। ধৃতদের জেরা করে চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
