Food Safety : খাদ্য নিরাপত্তায় বড় কোপ কলকাতা পুরসভার, এক সপ্তাহে সাসপেন্ড ৪০ খ্যাতনামা প্রতিষ্ঠান !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- খাদ্য নিরাপত্তা সপ্তাহে শহর জুড়ে কড়া অভিযানে নামল কলকাতা পুরসভা। মাত্র কয়েকদিনে শহরের ৪০টি জনপ্রিয় রেস্তোরাঁ ও মিষ্টির দোকানকে সাসপেন্ড করা হয়েছে।(Food Safety)
পুর কমিশনার স্মিতা পান্ডে জানিয়েছেন, গত এক সপ্তাহে খাদ্য নিরাপত্তা দফতর মোট ৫৯২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে। এর মধ্যে ৪০টি প্রতিষ্ঠানকে সাসপেন্ড করা হয়েছে এবং বেশ কয়েকটিকে সতর্ক করা হয়েছে।
সাসপেন্ড হওয়া তালিকায় রয়েছে শহরের বহু চেনা ও বড় নাম। ডন জিওভানি’স, করিম’স, সিমলা রেস্তোরাঁ, বিহার রেস্তোরাঁ, বিগ বস, নিজাম রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক, মিষ্টি মুখ, জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার এবং শ্রীহরি ফুডের মতো প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়।(Food Safety)
অভিযান শুধু বড় রেস্তোরাঁতেই সীমাবদ্ধ ছিল না। মাছের বাজার, ছানা পট্টি, ডেকার্স লেন, রাজাকাটরা বাজার, কলকাতা রোয়িং ক্লাব, তাজ সহ শহরের বিভিন্ন ছোট-বড় খাবারের দোকান ও বাজারেও হানা দিয়েছে পুরসভার দল।
পুর কমিশনারের মতে, সাসপেন্ড করার মূল কারণ হল পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব। তাঁর কথায়, হাইজিনই আসল, আর সেটা ঠিক করতে খুব বেশি সময় লাগার কথা নয়।
তবে সাসপেন্ড মানে চিরতরে বন্ধ নয়। স্মিতা পান্ডে জানিয়েছেন, সংশ্লিষ্ট দোকানগুলিকে লাইসেন্স ফেরত পেতে নতুন করে আবেদন করতে হবে। এরপর পুরসভা ফের সবকিছু খতিয়ে দেখবে এবং সব নিয়ম মেনে চললে লাইসেন্স ফিরিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, ১ থেকে ৭ সেপ্টেম্বর খাদ্য নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে প্রতি বছরই এই ধরনের অভিযান চালানো হয়। তবে এবার অভিযান আরও নিবিড়ভাবে চালানো হয়েছে বলে জানিয়েছে পুরসভা।(Food Safety)
