Landslide Mirik-Army-NDRF : মিরিকে ভূমিধসে তৈরি ‘মৃত্যু-হ্রদ’, আতঙ্কে পাহাড়, তলব সেনা-NDRF !
কিউ ইন্ডিয়া বাংলা, দার্জিলিং:- সিকিমের পর এবার দার্জিলিং পাহাড়ে বিপর্যয়। ভয়াবহ ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়ল মিরিকের রংভং নদীপথ, তৈরি হয়েছে বিশাল বিপজ্জনক কৃত্রিম হ্রদ। হড়পা বানের আতঙ্কে ঘরছাড়া বহু পরিবার। পরিস্থিতি সামাল দিতে তলব করা হয়েছে সেনা, NDRF ও SDRF-কে।(Landslide Mirik-Army-NDRF)
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা রবিবার জানান, ভূমিধসের কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ‘অর্জুন বাহিনী’-কে মোতায়েন করা হয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মিরিকের পাহিলাগাঁও স্কুল দারা-২ গ্রাম পঞ্চায়েতের লাবারবোটা লোয়ার পালজারগাঁও এলাকায়। সেখানে প্রায় ৩৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি ও পাথর গড়িয়ে রংভং নদীতে পড়ায় নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ হয়ে গিয়েছে। ফলে কৃত্রিম বাঁধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।(Landslide Mirik-Army-NDRF)
আচমকা বাঁধ ভেঙে হড়পা বান এসে নিচু এলাকা, রাস্তাঘাট ও ঘরবাড়ি ভাসিয়ে নিতে পারে, এই আতঙ্কে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়েছেন। দুর্গত পরিবারগুলিকে স্থানীয় লেপচা কমিউনিটি হলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
দার্জিলিংয়ের জেলাশাসক হরিকৃষ্ণ পানিক্কর জানান, হ্রদ লাগোয়া এলাকা থেকে ৩৩টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে অর্জুন বাহিনী, রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা দল, SSB এবং সেনাবাহিনী। নদী বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়ারদের একটি বিশেষ দলও পরিস্থিতি খতিয়ে দেখছে, কীভাবে হ্রদে আটকে থাকা বিপুল জলরাশি নিরাপদে বার করে দেওয়া যায়। রংভং নদী সমতলে নেমে মিশেছে বালাসন নদীতে।(Landslide Mirik-Army-NDRF)
সাংসদ জানিয়েছেন, কৃত্রিম হ্রদ ভেঙে বিপর্যয় ঘটবে কি না তা নিশ্চিত করে বলা কঠিন। তবে প্রশাসন কোনও ঝুঁকি নিতে চাইছে না। তাই নদী সংলগ্ন বিপজ্জনক এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে এবং জলস্তরের উপর কড়া নজর রাখা হচ্ছে।
