ED RAID : সাতসকালেই কলকাতায় ইডির হানা, টোল প্লাজা দুর্নীতিতে দেশজুড়ে ১৪ জায়গায় তল্লাশি
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ফের রাজ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান (ED RAID ) । বুধবার সকালে কলকাতার শেক্সপিয়র সরণির এক আবাসনে হানা দেয় ইডির ৬ সদস্যের দল। টোল প্লাজা দুর্নীতির মামলায় পশ্চিমবঙ্গ-সহ দেশের সাত রাজ্যের ১৪টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডি সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কে টোল আদায়ে দুর্নীতির অভিযোগে উত্তরপ্রদেশের লখনউতে মামলা দায়ের হয়। অভিযোগ, বেআইনি সফটওয়্যার ব্যবহার করে অনুমোদিত নয় এমন টোল রসিদ তৈরি করে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে আদায় করা হতো। সরকারি খাতায় সেই লেনদেন দেখানো হতো না এবং কৌশলে টাকা সরিয়ে ফেলা হতো।
সেই মামলার তদন্তেই ডিজিটাল নথি ও প্রমাণ উদ্ধারে নেমেছে ইডি (ED RAID )। এদিন সকালে কলকাতার শেক্সপিয়র সরণির আবাসনে এক ব্যবসায়ীর ফ্ল্যাট-কাম-অফিসে তল্লাশি চালানো হয় (ED RAID )। গোটা আবাসন ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। দুর্নীতির টাকা কোথায় এবং কার কাছে গিয়েছে, তা জানতেই এই অভিযান বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান-সহ সাত রাজ্যের ১৪টি জায়গায় একযোগে চলছে এই তল্লাশি।
এই দুর্নীতির সঙ্গে কলকাতার যোগসূত্র কী, তা এখনও স্পষ্ট নয়। তল্লাশি থেকে কী তথ্য মিলেছে, সে বিষয়ে মুখ খোলেননি তদন্তকারীরা। গোটা ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।
