MITRA INSTITUTION : সরকারি স্কুলে সাপের আতঙ্ক! মিত্র ইনস্টিটিউশনে প্রথম শ্রেণির পড়ুয়াকে সাপের কামড়, ভর্তি এসএসকেএমে
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কলকাতার নামী বেসরকারি স্কুলের পর এবার সরকারি স্কুলেও সাপের আতঙ্ক (MITRA INSTITUTION) । ভবানীপুরের ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশনের প্রথম শ্রেণির এক পড়ুয়াকে সাপে কামড়ানোর অভিযোগ উঠল। ওই খুদে পড়ুয়া বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি।
জানা গিয়েছে, আক্রান্ত পড়ুয়ার নাম দৃপ্ত পাল, টালিগঞ্জের বাসিন্দা। সে মিত্র ইনস্টিটিউশনের মর্নিং সেকশনের প্রথম শ্রেণির ছাত্র। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ টিফিনের বিরতি চলছিল (MITRA INSTITUTION) । সেই সময়ই তাকে সাপে ছোবল দেয় বলে দাবি পরিবারের। ঘটনা জানাজানি হতেই স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্কুল কর্তৃপক্ষ (MITRA INSTITUTION) তড়িঘড়ি পরিবারকে খবর দেয় এবং শিশুটিকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, শিশুটির রক্ত পরীক্ষা করা হয়েছে। শরীরে বিষ আছে কিনা তা রিপোর্ট এলেই জানা যাবে। শিশুর মা জানিয়েছেন, আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
এই ঘটনার পর তৎপর হয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল চত্বরে তল্লাশির জন্য বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও গত মঙ্গলবার কলকাতার একটি নামজাদা বেসরকারি স্কুলের শৌচালয়ে তৃতীয় শ্রেণির এক পড়ুয়াকে সাপে কামড়ানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা।
পরপর দুটি স্কুলে সাপের কামড়ের ঘটনায় স্কুলগুলির নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে বড় প্রশ্ন উঠছে। বর্ষায় স্কুল চত্বরে ঝোপঝাড় পরিষ্কার এবং নিয়মিত নজরদারির দাবি তুলছেন অভিভাবকরা।
