TMCP FOUNDATION DAY : মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস নিয়ে টানাপোড়েন, হাই কোর্টের দ্বারস্থ দুই শিবির
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP FOUNDATION DAY) । প্রত্যেক বছর মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে এই দিনটি পালন করা হয়, যেখানে প্রধান বক্তা থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার অনুষ্ঠানের অনুমতি নিয়ে শুরু হয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রতপন্থী ‘আসল’ তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি। দুই শিবিরই হাই কোর্টে মামলা করেছে।
জানা গিয়েছে, গত ২৭ জুলাই কালীঘাট টিএমসিপির (TMCP FOUNDATION DAY) তরফে মেয়ো রোডে সভার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানানো হয়। এরপর ৩ এবং ৭ আগস্ট ফের পুলিশের কাছে জানতে চাওয়া হলেও কোনও উত্তর মেলেনি বলে অভিযোগ। বাধ্য হয়েই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানান কালীঘাটের আইনজীবী অর্ককুমার নাগ। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে এবং মঙ্গলবার শুনানির দিন ধার্য হয়েছে।
অন্যদিকে, ঋতব্রতপন্থী শিবিরও হাই কোর্টের দ্বারস্থ (TMCP FOUNDATION DAY) । তাদের তরফে সুদীপ রাহা আবেদন জানিয়েছেন, তাঁরাই ‘আসল’ তৃণমূল ছাত্র পরিষদ। তাই তাঁদেরকেই ২৮ আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি দেওয়া হোক এবং কালীঘাট শিবিরের আবেদন বাতিল করা হোক। দুই শিবিরের পাল্টা আবেদনে অনুমতি নিয়ে জটিলতা আরও বেড়েছে।
তৃণমূল ছাত্র পরিষদের (TMCP FOUNDATION DAY) প্রতিষ্ঠা দিবসের আর মাত্র কয়েকদিন বাকি। শেষ পর্যন্ত মেয়ো রোডে সভা করার অনুমতি কারা পায়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। মঙ্গলবার হাই কোর্টের শুনানিতেই এই জট খুলবে বলে মনে করা হচ্ছে।
