Liverpool Ownership : ৫৭ হাজার কোটির ডিলে লিভারপুলের মালিকানা বদল, ক্রেতা তালিকায় মিত্তাল-জামাই অমিত ভাটিয়া !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব লিভারপুলের হাত বদল হতে চলেছে। ৪.৪ বিলিয়ন পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭ হাজার কোটিতে ক্লাবের এক-তৃতীয়াংশ শেয়ার বিক্রি করছে ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। আর এই বিশাল অঙ্কের ডিলের নেতৃত্বে থাকছেন লক্ষ্মী মিত্তালের জামাই, ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী অমিত ভাটিয়া। তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন অ্যামাজনের জেফ বেজোস এবং ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এডুয়ার্ডো সাভেরিন।
২০১০ সালে FSG লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর গত ১৬ বছরে ক্লাবটি জুর্গেন ক্লপের অধীনে ইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ-সহ প্রায় সব ট্রফিই জিতেছে। কিন্তু FSG যথেষ্ট বিনিয়োগ করছে না এই অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই কারণেই মালিকানার বড় অংশ ছাড়তে চলেছে তারা।
স্কাই নিউজের রিপোর্ট বলছে, চলতি সপ্তাহেই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। অন্য সূত্রের দাবি, আগামী সপ্তাহে চূড়ান্ত হবে চুক্তি। ৪৬ বছর বয়সি অমিত ভাটিয়া গত ২০ বছর ধরে ব্যবসা করছেন। ২০১৩ সালে তিনি ‘হোপ কনস্ট্রাকশন মেটেরিয়াল’ প্রতিষ্ঠা করেন। ২০০৭ সালে কুইন্স পার্ক রেঞ্জার্সের যৌথ মালিকও ছিলেন তিনি। ২০০৪ সালে ইস্পাত সম্রাট লক্ষ্মী মিত্তালের মেয়ে বনিশার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অমিতের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৩ বিলিয়ন ডলার। অন্যদিকে জেফ বেজোসের সম্পত্তি ২০৭ বিলিয়ন পাউন্ড এবং সাভেরিনের সম্পত্তি ২৩.৭ বিলিয়ন পাউন্ড।
ফুটবল ইতিহাসের অন্যতম বড় আর্থিক চুক্তি হতে চলেছে এটি। টেক দুনিয়ার দুই তাবড়ের সঙ্গে এবার লিভারপুলের ভবিষ্যৎ গড়ার দায়িত্বে এক ভারতীয়। FSG-র যুগের অবসান ঘটিয়ে বেজোস-সাভেরিন-ভাটিয়া জোটের হাত ধরে নতুন যুগে পা রাখতে চলেছে ‘দ্য রেডস’।
