তিলোত্তমাআজকের দিনেবাংলার আয়না

Sebashray-Nodakhali : সেবাশ্রয়ে ভ্রূণের লিঙ্গ নির্ধারণে ইউএসজি মেশিন ! নোদাখালির ক্লিনিকের লাইসেন্স বাতিল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নোদাখালি :- দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির ‘জীবন আরোগ্য আলট্রাসোনোগ্রাফি ও জেনেটিক ক্লিনিক’-এর লাইসেন্স বাতিল করল জেলা স্বাস্থ্য প্রশাসন। অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে গিয়ে ওই ক্লিনিকের ইউএসজি মেশিন দিয়ে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয়েছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই নার্সিংহোমে কোনও পরীক্ষা-নিরীক্ষা বন্ধের নির্দেশ।

সম্প্রতি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের টিম নোদাখালির জীবন আরোগ্য হাসপাতালে হানা দেয়। ইউএসজি মেশিনের কাগজপত্র দেখতে চাওয়া হলে কর্তৃপক্ষ তা দেখাতে পারেনি। নার্সিংহোমের দাবি, মেশিনটি পুলিশ বাজেয়াপ্ত করে ডায়মন্ড হারবার থানার মালখানায় রেখেছে।

অভিযোগ, নিয়ম না মেনে ওই মেশিন সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ব্যবহার করা হয়। এর ভিত্তিতেই লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত। জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে লাইসেন্স জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সেবাশ্রয় ক্যাম্প নিয়ে আগেও একাধিক অভিযোগ উঠেছে। রিসর্ট দখল, ভুল চিকিৎসা, অঙ্গহানির অভিযোগের পাশাপাশি এবার ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মতো গুরুতর অভিযোগ সামনে এল। এই নিয়ে বিষ্ণুপুর-সহ একাধিক থানায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগও জমা পড়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীও এ বিষয়ে বিবৃতি দিয়েছেন।

আপাতত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নোদাখালির ওই ক্লিনিকে কোনও পরীক্ষা করা যাবে না। সেবাশ্রয় ক্যাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিও তপ্ত। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *