আজকের দিনেগ্রীন রুমভারত

Salman Khan : অসমের বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এলেন সলমন খান, ফ্যান ক্লাবের মাধ্যমে পৌঁছাচ্ছে ত্রাণ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- অসমে ভয়াবহ বন্যা। বিপজ্জনক হয়ে উঠেছে পরিস্থিতি, বাড়ছে মৃতের সংখ্যা। এই দুঃসময়ে দুর্গতদের পাশে দাঁড়ালেন বলিউড সুপারস্টার সলমন খান। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও অসমের ফ্যান ক্লাবের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন ‘ভাইজান’।

লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, সলমন খান সরাসরি অসমের অসহায় মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। অসমের সলমন ফ্যান ক্লাবের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্যেই খাবার, পানীয় জল, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে পুনর্বাসনের ক্ষেত্রেও সাহায্যের কথা ভাবা হচ্ছে।

পরিচালক বংশী পৈডিপল্লীর নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও নিয়মিত অসমের পরিস্থিতির দিকে নজর রাখছেন সলমন। সমাজসেবামূলক কাজে তিনি বরাবরই এগিয়ে আসেন। ‘বিইং হিউম্যান’-এর মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে তাঁর অবদান সকলেরই জানা।

অসমের এই দুর্যোগে বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকর ও সঙ্গীতশিল্পী পাপনও সাহায্যের আর্জি জানিয়েছেন। বন্যা বিধ্বস্ত এলাকার ছবি শেয়ার করে ত্রাণের আবেদন করেন তাঁরা। ভূমির এই উদ্যোগ নজরে আসতেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

যদিও সলমন বা তাঁর ফ্যান ক্লাবের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এই উদ্যোগ সত্যি হলে ‘দিলদরিয়া’ সলমনকে আরও একবার স্যালুট জানাবেন ভক্তরা।

গত বছর পাঞ্জাব, জম্মু, বিহার, মহারাষ্ট্রের দুর্দিনে গোটা দেশ পাশে দাঁড়িয়েছিল। এবার অসমের পাশে সলমন, ভূমি, পাপনের মতো তারকারা এগিয়ে আসায় নতুন করে আশার আলো দেখছে বন্যা কবলিত মানুষ। সিনে দুনিয়া থেকে আরও কারা এগিয়ে আসেন, সেদিকেই তাকিয়ে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *