Bengal BJP : ‘আরশোলা’র অরাজকতা মানা যায় না! জাতীয় পতাকা হাতে পালটা প্রতিবাদে পথে বঙ্গ বিজেপি !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- গত শুক্রবার NEET আন্দোলনের নামে ধর্মতলায় তুলকালাম ও সাংবাদিক নিগ্রহের ঘটনার প্রতিবাদে আজ, সোমবার পথে নামল বঙ্গ বিজেপি। দলীয় পতাকা ছেড়ে হাতে জাতীয় পতাকা নিয়ে কলকাতার দুই প্রান্তে মিছিল করলেন বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। একটি মিছিল শিয়ালদহ থেকে ধর্মতলা, অন্যটি গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত।
বিজেপির অভিযোগ, NEET আন্দোলনের আড়ালে গত শুক্রবার ধর্মতলায় অরাজকতা, হিংসা ছড়ানো এবং দেশবিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এসএফআই-সহ বাম ছাত্র সংগঠনগুলি ‘আরশোলা’দের সমর্থনে মিছিল করেছিল। সেই মিছিল থেকে বিতর্কিত পোস্টার, প্ল্যাকার্ড দেখা গিয়েছে এবং খবর করতে গিয়ে একাধিক সাংবাদিক আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ।
আজ বিকেল সাড়ে তিনটের পর শিয়ালদহ থেকে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল শুরু হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, বিজেপি বিধায়ক সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা, তমোঘ্ন ঘোষ-সহ অন্যান্য নেতারা।
তাপস রায় বলেন, “NEET আন্দোলনের নামে অরাজকতা ও দেশবিরোধী স্লোগান মানা যায় না। যারা হিংসা ছড়িয়েছে তাদের কড়া শাস্তি হবে।” সজল ঘোষ প্রশ্ন তোলেন, “যারা হিংসা ছড়িয়েছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা কীভাবে ছাত্র হতে পারেন? CPM, Congress, TMC ‘আরশোলা’ সেজেছে।”
অন্যদিকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, “পড়ুয়াদের শিখণ্ডি করে দেশে হিংসা ছড়ানো ও দেশভাগের চেষ্টা হচ্ছে। পুলিশ ও সংবাদ মাধ্যমকে টার্গেট করা হচ্ছে।” তিনি আরও বলেন, “কংগ্রেস আমলে ৫৩ বার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল।” মিছিল থেকে ‘আরশোলা’দের বয়কট করার ডাকও দেওয়া হয় এবং প্রধানমন্ত্রীর অসম্মানের প্রতিবাদে স্লোগান ওঠে।
বঙ্গ বিজেপির স্পষ্ট বার্তা, আন্দোলনের নামে বাংলায় হিংসা ও দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। জাতীয় পতাকা হাতে এই মিছিলের মাধ্যমে দল হিংসায় জড়িতদের কড়া শাস্তির দাবি জানিয়েছে।
