আজকের দিনেতিলোত্তমাভারত

Kolkata : নারকো টেররিজমের রুট ফাঁস! কলকাতায় জালে মণিপুরের মাদক পাচারকারী, উদ্ধার ১ কেজি হেরোইন !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কলকাতা স্টেশনে ফের নারকো টেররিজমের ছায়া। মণিপুর থেকে প্রায় ৫ কোটি টাকার হেরোইন পাচার করতে এসে NCB-র জালে ধরা পড়ল কুখ্যাত পাচারকারী মহম্মদ জায়েদ। গোয়েন্দাদের দাবি, এই মাদকের টাকাই যায় উত্তর পূর্বের জঙ্গি সংগঠনগুলির কাছে।

গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে কলকাতা স্টেশনে অভিযান চালায় নারকোটিক কন্ট্রোল ব্যুরো। স্টেশন থেকে বেরোনোর মুখেই গ্রেপ্তার করা হয় ইম্ফলের বাসিন্দা মহম্মদ জায়েদকে। তার ব্যাগে জামাকাপড়ের ভাঁজে লুকানো ছিল এক কিলো উচ্চমানের হেরোইন। আন্তর্জাতিক বাজারে যার দাম প্রায় ৫ কোটি টাকা।

NCB সূত্রে খবর, জায়েদ উত্তর পূর্ব থেকে কলকাতা হয়ে দেশের বিভিন্ন শহরে হেরোইন পাচার চক্রের মূল মাথা। এর আগেও অন্তত তিনবার সে মণিপুর থেকে মাদক এনে পাচার করেছে। এবার ইম্ফল থেকে বাস-ট্রেন বদলে উত্তরবঙ্গ হয়ে কলকাতায় আসছিল।

গোয়েন্দাদের অনুমান, মায়ানমার সীমান্ত পেরিয়ে বেহিয়াং-চূড়াচাঁদপুর হয়ে মাদক প্রথমে ইম্ফল, তারপর ডিমাপুর, কাছার-শিলচর হয়ে গুয়াহাটি। সেখান থেকে উত্তরবঙ্গ পেরিয়ে কলকাতা। কলকাতা থেকেই তা ছড়িয়ে যেত দেশের অন্যান্য শহরে।

NCB-র দাবি, এই পুরো চক্রের সঙ্গে যুক্ত রয়েছে উত্তর পূর্বের জঙ্গি সংগঠনগুলি। মাদক বিক্রির টাকায় অত্যাধুনিক অস্ত্র কেনা এবং জঙ্গি তহবিল তৈরি করাই তাদের লক্ষ্য। এই কারণেই একে নারকো টেররিজম বলা হচ্ছে।

জায়েদের গ্রেপ্তারিকে বড় সাফল্য হিসেবে দেখছে NCB। জেরায় তার কাছ থেকে কলকাতার এজেন্ট এবং চক্রের মূল পাণ্ডাদের নাম জানার চেষ্টা চলছে। গোয়েন্দারা বলছেন, এই রুট ভাঙতে পারলেই নারকো টেররিজমের আর্থিক জাল দুর্বল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *