Weather : ১০ হাজার কিমি জুড়ে মেঘের বিশাল চাদর! ভারত থেকে দক্ষিণ কোরিয়া, স্যাটেলাইট ছবিতে উদ্বেগ বিজ্ঞানীদের !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- এল নিনোকে বুড়ো আঙুল দেখিয়ে জুলাইতেই দাপট দেখাচ্ছে বর্ষা। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে ভারত থেকে দক্ষিণ কোরিয়া পর্যন্ত বিস্তৃত ১০,০০০ কিলোমিটারের বিশাল মেঘের করিডোর। আবহাওয়াবিদরা একে বলছেন ‘বিশাল বর্ষণমুখর দিন’।
আবহাওয়া বিশেষজ্ঞদের ব্যাখ্যা, ভারত মহাসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস এশিয়ার বর্তমান আবহাওয়ার সঙ্গে মিশে তৈরি করেছে ‘মৌসুমি অভিসারী অঞ্চল’। সহজ করে বললে, মেঘ ও বৃষ্টির এক বিশাল বলয় বা করিডোর। আর এই কারণেই হাজার হাজার কিলোমিটার জুড়ে টানা মেঘ আর বৃষ্টি চলছে।
স্যাটেলাইট ছবিতে স্পষ্ট, ভারতের মধ্য, উত্তর ও পূর্বাঞ্চল পুরোটাই ঘন মেঘে ঢাকা। সেই মেঘপুঞ্জ হিমালয় পেরিয়ে উত্তর-পূর্ব দিকে এগিয়ে চিন ও জাপান পর্যন্ত গিয়ে ঠেকেছে। এই অভূতপূর্ব পরিস্থিতির জন্যই দেশজুড়ে রেকর্ড বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া দফতরের তথ্য বলছে, জুলাইয়ের প্রথম সাত দিনেই দেশে বৃষ্টি হয়েছে ৭৯১ মিমি। গত দুদিনে স্বাভাবিক দৈনিক বৃষ্টির প্রায় ১৭০-১৮০% বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর প্রভাবেই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-এনসিআর এবং রাজস্থানের কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে।
একইসঙ্গে বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে এগিয়ে আসা নিম্নচাপের প্রভাবে পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলোতেও প্রবল বর্ষণ চলছে। এর জেরে অসম-সহ একাধিক রাজ্যের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, বহু এলাকা জলমগ্ন।
বিজ্ঞানীদের মতে, এই মেঘের বলয় আপাতত ভাঙার সম্ভাবনা কম। ফলে আগামী কয়েকদিনেও উত্তর ও মধ্য ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
১০ হাজার কিমি দীর্ঘ এই মেঘের করিডোর দেখেই এখন কপালে ভাঁজ আবহাওয়াবিদদের। মৌসুমী বৃষ্টির দাপট আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বন্যা ও জলজমার আশঙ্কায় ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যকে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
