Metro : সকাল ৬টা থেকে মেট্রো ব্লু-গ্রিন লাইনে, রাতের সময়সূচিতেও বদল ! কবে থেকে শুরু ?
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আর একটু ‘সাবালক’ হচ্ছে কলকাতা মেট্রো। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ব্লু লাইন ও গ্রিন লাইনে প্রথম ও শেষ ট্রেনের সময় বদলাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। ২৭ জুলাই, সোমবার থেকে পরীক্ষামূলকভাবে সকাল ৬টা থেকেই মিলবে প্রথম মেট্রো, আর শেষ ট্রেন যাবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
নতুন সময়সূচি কী:
– ব্লু লাইন – দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: দু’প্রান্ত থেকেই প্রথম মেট্রো এখন সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়ে। সোমবার থেকে তা ৫০ মিনিট এগিয়ে সকাল ৬টা হবে। শেষ মেট্রো রাত ৯টা ৪৪ মিনিটের বদলে ছাড়বে রাত সাড়ে ১০টায়।
– গ্রিন লাইন – সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান: প্রথম মেট্রো সকাল ৬টা ৩৯ মিনিটের বদলে সকাল ৬টা। শেষ মেট্রো রাত ১০টা ৫ মিনিটের বদলে রাত সাড়ে ১০টা।
কবে থেকে কার্যকর:
আপাতত পরীক্ষামূলকভাবে সোমবার, ২৭ জুলাই থেকে চালু হবে। সোমবার থেকে শনিবার এই নতুন সময় অনুযায়ী পরিষেবা মিলবে।
রবিবার সময় আলাদা — দুই লাইনেই প্রথম মেট্রো সকাল ৯টা, শেষ মেট্রো রাত সাড়ে ১০টা।
পরিষেবাও বাড়ছে:
– ব্লু লাইন: সোম-শুক্র ২৬০ থেকে বেড়ে ২৭২টি, শনিবার ২৪৬ থেকে ২৫৮টি, রবিবার ১৫২ থেকে ১৫৮টি
– গ্রিন লাইন: সোম-শুক্র ২৮ থেকে বেড়ে ২৩৬টি, শনিবার ২০৪ থেকে ২১২টি, রবিবার ১০৮ থেকে ১১১টি
মেট্রো কর্তৃপক্ষ বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। পরীক্ষামূলক পর্যায়ে যাত্রীচাপ দেখে পরেই চূড়ান্ত সময়সীমা ঠিক হবে।
ভোরের অফিসগামী ও রাতের যাত্রীদের জন্য বড় স্বস্তি। সময় বাড়া ও ট্রেন সংখ্যা বাড়ায় ব্লু-গ্রিন লাইনে ভিড়ও কিছুটা কমবে বলে আশা। ২৭ জুলাই থেকে নতুন রুটিনেই চলবে কলকাতার মেট্রো।
