আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Kalighat Trinamool case : সভামঞ্চে হামলা! কালীঘাট তৃণমূলের মামলায় পুলিশের পদক্ষেপ নিয়ে রিপোর্ট তলব হাই কোর্টের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ২১ জুলাই শহীদ দিবসের আগেই চাঞ্চল্য ক্যাথিড্রাল রোডে। হাই কোর্টের অনুমতি নিয়ে বিড়লা তারামণ্ডলের সামনে বাঁধা কালীঘাট তৃণমূলের সভামঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠল। ঘটনার তদন্তে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট।

সোমবার গভীর রাতে ক্যাথিড্রাল রোডে বিড়লা তারামণ্ডলের সামনে থাকা একুশের মঞ্চে হামলার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং মহুয়া মৈত্র। অভিযোগ, কে বা কারা মঞ্চ তছনছ করে দেয়। এরপরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।

মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয়। কালীঘাট তৃণমূলের তরফে সওয়াল করেন আইনজীবী অর্ক নাগ। তিনি জানান, ঘটনার পর প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে ইমেল করে বিস্তারিত জানানো হয়েছে এবং হাই কোর্টের আগের নির্দেশের কথাও তুলে ধরা হয়েছে।

শুনানিতে বিচারপতি ভট্টাচার্য পর্যবেক্ষণে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে আইনশৃঙ্খলা সামাল দেওয়ার নির্দেশ ছিল আদালতের। তারপরেও কীভাবে এই ঘটনা ঘটল? একই সঙ্গে পুলিশের তরফে এখনও পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার রিপোর্টও তলব করেন তিনি।

আদালত সূত্রে খবর, মঙ্গলবারের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে পুলিশকে। পাশাপাশি জয়েন্ট কমিশনার অফ পুলিশকে ভবিষ্যতে আর কোনও ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় সভাস্থল পরিদর্শনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তাঁদের সভা-মিছিল করতে দেওয়া হচ্ছে না। রাত ১টা নাগাদ মঞ্চে হামলার খবর পাওয়ার পর তিনি, দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনরা ঘটনাস্থলে যান। মমতা হ্যান্ড মাইকে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ করে বলেন, রাতভর বসে পাহারা দেবেন যাতে শহীদ তর্পণে ব্যাঘাত না ঘটে।

একুশের সমাবেশের ঠিক আগে মঞ্চ ভাঙচুরের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। হাই কোর্টের কড়া পর্যবেক্ষণ এবং পুলিশকে রিপোর্ট জমার নির্দেশে এখন সবার নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *