Lalbazar : কর্তব্যরত অবস্থায় নো হেডফোন! লালবাজারের কড়া নির্দেশ, না মানলে শাস্তি !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কর্তব্যরত অবস্থায় কানে ইয়ারফোন বা হেডফোন নয়। পুলিশকর্মীদের জন্য কড়া নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশের লালবাজার। শনিবার রাতে কমিশনার অজয় কুমার নন্দর তরফে এই নির্দেশ পৌঁছেছে সমস্ত থানা ও ইউনিটে। নির্দেশ অমান্য করলে কড়া শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
সাধারণ মানুষকে রাস্তা পার হওয়ার সময় ইয়ারফোন খুলতে বলা, ফোনে কথা বললে জরিমানা — নিয়ম সবই ছিল। কিন্তু দেখা যাচ্ছিল খোদ কর্তব্যরত পুলিশকর্মীদের একাংশই কানে ইয়ারফোন দিয়ে গান শুনছেন, মোবাইলে ভিডিয়ো দেখছেন। বাইরের শব্দই কানে আসছে না।
এই অনিয়ম রুখতেই এবার নিজেদের জন্যই কড়া বার্তা দিল লালবাজার। কর্তব্যরত অবস্থায় কোনও পুলিশকর্মী হেডফোন, ইয়ারফোন ব্যবহার করতে পারবেন না। আগে থেকেই কর্তব্যরত অবস্থায় মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল।
নতুন সরকার আসার পর পুলিশ প্রশাসন ঢেলে সাজানোর কাজ চলছে। অনিয়ম কমিয়ে নজরদারি বাড়ানোই লক্ষ্য। সেই আবহেই এই নির্দেশকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। লালবাজার স্পষ্ট জানিয়েছে, নির্দেশিকা ভাঙলে সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মানুষকে নিয়ম মানাতে গেলে আগে নিজেদের মানতে হবে। কর্তব্যরত অবস্থায় সতর্কতা ও মনোযোগ বজায় রাখতেই লালবাজারের এই কড়া পদক্ষেপ।
