আজকের দিনেখেলাবাংলার আয়না

Damayanti Sen : বাড়ি ফিরলেন রাইফেল শুটার দময়ন্তী, প্রায় ৪৮ ঘণ্টা কোথায় ছিলেন ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, হাওড়া:- অবশেষে বাড়ি ফিরলেন হাওড়ার মধ্য হাওড়ার জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন। গত বৃহস্পতিবার সকাল ৯টায় দুধ কিনতে বেরিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার ভোরে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন বাবা ধ্রুবজ্যোতি সেন।

পরিবারের দাবি, শনিবার ভোরে হাওড়া রামকৃষ্ণপুর লঞ্চ ঘাটের কাছে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা ধ্রুবজ্যোতিকে খবর দেন। তিনি গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন।

গত বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ উমাচরণ ভট্টাচার্য লেনের বাড়ি থেকে নাইটড্রেস পরে দুধ কিনতে বেরিয়েছিলেন ১৫ বছরের দময়ন্তী। সঙ্গে মোবাইল বা টাকা কিছুই ছিল না। ১০টায় বাবার সঙ্গে অনুশীলনে যাওয়ার কথা থাকলেও তিনি ফেরেননি। এরপর হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন বাবা।

পুলিশ ও পরিবারের খোঁজে জানা যায়, বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশন ও শ্রীরামপুর স্টেশনে এবং শুক্রবার সকালে শ্রীরামপুরের মাহেশের রথের মেলায় দময়ন্তীকে দেখা গিয়েছে। শুক্রবার দিনভর সমাজমাধ্যমে এই তথ্য ছড়ায়।

দময়ন্তীর বাবা অভিযোগ করেন, স্টেশনের সিসিটিভি ফুটেজ না পাওয়ায় খুঁজতে দেরি হচ্ছে। রেল পুলিশ অবশ্য তা অস্বীকার করে। শুক্রবার বিকেলে ভবানীভবনেও যান তিনি। দময়ন্তীকে খুঁজতে হাওড়া সিটি পুলিশ ৪টি দল গঠন করে। হাওড়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় চলে তল্লাশি।

কিন্তু এই দু’দিন দময়ন্তী কোথায় ছিলেন, কী করেছেন, কেন বাড়ি ছেড়েছিলেন — সেই বিষয়ে পরিবার কিছু বলতে নারাজ ।

জাতীয় স্তরের প্রতিভাবান শুটারের আচমকা নিখোঁজ হওয়া ও ফিরে আসা নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশের তদন্ত চললেও দময়ন্তী নিজে এখনও মুখ খোলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *