প্রাথমিক স্তর থেকেই কমপ্রিহেনসিভ সেক্স এডুকেশন: সুপ্রিম কোর্টের নির্দেশে বদলাচ্ছে সিলেবাস
কিউ ইন্ডিয়া বাংলা,নয়া দিল্লি:- ভারতের শিক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হতে চলেছে। সুপ্রিম কোর্টের পরামর্শ ও নির্দেশের প্রেক্ষিতে, দেশের স্কুল ও কলেজের মূল পাঠ্যক্রমে ‘কমপ্রিহেনসিভ সেক্স এডুকেশন’ বা জীবনশৈলী শিক্ষা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সম্প্রতি সুপ্রিম কোর্টে পেশ করা একটি হলফনামায় এই তথ্য জানিয়েছে কেন্দ্র সরকার।
কেন এই উদ্যোগ? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, যৌন শিক্ষা শুধুমাত্র নবম বা একাদশ শ্রেণির মতো উচ্চ শ্রেণিতে সীমাবদ্ধ রাখা যথেষ্ট নয়। প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের গুড টাচ ও ব্যাড টাচ-এর ফারাক এবং ব্যক্তিগত সুরক্ষা সম্পর্কে সচেতন করা প্রয়োজন। সমাজকর্মী ডাঃ রুদ্রাণী দেবীর মামলাকে কেন্দ্র করে এই প্রয়োজনীয়তা আরও জোরালো হয়। কেন্দ্রের মতে, বয়ঃসন্ধিকালীন শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা না থাকায় অনেক কিশোর-কিশোরী অজান্তেই পকসো আইনের অধীনে অপরাধের কবলে পড়ে। এই পরিস্থিতি এড়াতেই বৈজ্ঞানিক ও বয়স-উপযোগী শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞ কমিটির সুপারিশ ও কেন্দ্রের পরিকল্পনা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রকের যৌথ উদ্যোগে একটি ২৬ সদস্যের জাতীয় বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। তাদের প্রধান সুপারিশগুলি হলো:
-
প্রাথমিক স্তর: ফাউন্ডেশনাল পর্যায়ে শিশুদের শরীরের পরিচ্ছন্নতা, সুরক্ষা এবং ‘গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ’ সম্পর্কে সহজ পাঠ দেওয়া।
-
বিশেষ সেশন: স্কুল ও কলেজে সপ্তাহে অন্তত দু’দিন ১৫ থেকে ২০ মিনিটের বিশেষ সেশন রাখা হবে।
-
শিক্ষক প্রশিক্ষণ: এই সংবেদনশীল বিষয়গুলি সঠিকভাবে পড়ানোর জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
-
অভিভাবক সচেতনতা: সন্তানদের শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়ে অভিভাবকদেরও নিয়মিত সচেতনতা শিবিরের মাধ্যমে শিক্ষিত করা হবে।
পাঠ্যসূচির পরিধি: এই শিক্ষা শুধুমাত্র প্রজনন বা যৌন সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নতুন এই সিলেবাসে যে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হবে:
-
বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন ।
-
ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মতির গুরুত্ব।
-
স্বাস্থ্যকর সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ।
-
অনলাইন নিরাপত্তা ও সাইবার শোষণ থেকে সুরক্ষা।
-
যৌন নির্যাতন চিহ্নিত করা এবং অভিযোগ জানানোর পদ্ধতি।
ভবিষ্যৎ পদক্ষেপ: কেন্দ্র জানিয়েছে, জাতীয় শিক্ষানীতি -এর নির্দেশিকা মেনে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এই পাঠ্যক্রমের চূড়ান্ত রূপরেখা তৈরির কাজ শুরু করেছে। সমাজ থেকে দীর্ঘদিনের ট্যাবু ও সামাজিক জড়তা ভেঙে লিঙ্গসাম্য প্রতিষ্ঠা এবং যৌন অপরাধ কমানোর লক্ষ্যে একে একটি বড় নীতিগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে আদালতকে জানিয়েছে কেন্দ্র।
