আজকের দিনেগ্রীন রুম

ছোটদের নতুন রিয়্যালিটি শো-এর সঞ্চালনায় এবার অপরাজিতা , কোথায় দেখা যাবে জানেন ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,বিনোদন ডেস্ক:- সান বাংলার পর্দায় আসতে চলেছে একেবারে নতুন ধরনের শিশু-কেন্দ্রিক রিয়্যালিটি শো, যার নাম ‘ছানাগিরি’। শুধু প্রতিযোগিতা নয়, খেলার ছলে শেখা, নতুন অভিজ্ঞতা অর্জন এবং আত্মবিশ্বাস গড়ে তোলার বার্তা নিয়েই দর্শকদের সামনে হাজির হতে চলেছে এই বিশেষ অনুষ্ঠান। ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য তৈরি এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ।

‘খেলব, শিখব, জিতব’— মা ও সন্তানদের জন্য বড় চমক

বর্তমান সময়ে পড়াশোনার চাপের মাঝেও শিশুদের সৃজনশীলতা, কৌতূহল এবং আত্মবিশ্বাসকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই ‘ছানাগিরি’-র এই বিশেষ পরিকল্পনা। অনুষ্ঠানের ট্যাগলাইন রাখা হয়েছে— ‘খেলব, শিখব, জিতব’। চ্যানেল সূত্রে জানা গিয়েছে, এই শোয়ে অংশগ্রহণকারী শিশুরা বিভিন্ন মজার খেলা, চ্যালেঞ্জ এবং শিক্ষামূলক পর্বের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবে। তবে ‘ছানাগিরি’-র সবচেয়ে বড় চমক হল, এই যাত্রায় শুধু শিশুরাই নয়, তাঁদের মায়েরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যদিও সেই বিশেষ চমক এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতারা।

চলতি মাসেই শুরু হচ্ছে অডিশন

সম্প্রতি এই শোয়ের প্রোমো শুটিং সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শুরু হতে চলেছে অডিশন পর্ব। চলতি মাসেই অডিশন শুরু হওয়ার ফলে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিভাবান শিশুদের সামনে নিজেদের অনন্য প্রতিভা তুলে ধরার এক দারুণ সুযোগ খুলে যাচ্ছে।

“আমিও অনেক কিছু শিখতে পারব”— উচ্ছ্বসিত সঞ্চালক অপরাজিতা

এই নতুন শো নিয়ে উচ্ছ্বসিত সঞ্চালক অপরাজিতা ঘোষ বলেন, “একটি শিশুর জন্মের সঙ্গে সঙ্গে একজন মায়েরও জন্ম হয়। শিশু যেমন প্রতিদিন নতুন নতুন জিনিস শেখে, তেমনই একজন মাও শেখেন, বদলান এবং সন্তানের সঙ্গে সঙ্গে বড় হয়ে ওঠেন। সেখান থেকেই শুরু হয় মা ও সন্তানের এক নতুন অ্যাডভেঞ্চার। দু’জনেই একসঙ্গে শেখে, একসঙ্গে এগিয়ে যায়। ‘ছানাগিরি’ সেই সুন্দর শোকে বেজায় উপভোগ করবেন সকলে। এই বিশেষ শোয়ের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি বিশ্বাস করি, এই মায়েদের এবং তাঁদের সন্তানদের সফর থেকে আমিও অনেক কিছু শিখতে পারব।”

উল্লেখ্য, এর আগে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মাধ্যমে অসংখ্য মহিলার স্বপ্নপূরণের গল্প তুলে ধরেছিল সান বাংলা। এবার সেই ধারাবাহিকতায় শিশুদের জন্য নিয়ে আসা হচ্ছে ‘ছানাগিরি’, যেখানে বিনোদনের পাশাপাশি থাকবে শিক্ষা, আত্মবিশ্বাস এবং পারিবারিক বন্ধনের এক সুন্দর মেলবন্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *