দামি উপহার নয়, ‘রোম্যান্টিক মিনিম্যালিজ়ম’- এ মজছে তরুণ প্রজন্ম
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক: দামি রেস্তোরাঁয় ক্যান্ডেল লাইট ডিনার, সোশ্যাল মিডিয়ায় ‘কাপল গোলস’-এর ছবি পোস্ট কিংবা আকাশছোঁয়া দামের উপহার— সিনেমার মতো এই বিলাসিতা থেকে ক্রমশ দূরে সরছে জেন জি (Gen Z) ও মিলেনিয়ালরা। লোকদেখানো আদেখলেপনার চেয়ে তারা এখন খুঁজছে মানসিক শান্তি। সম্পর্কের এই নতুন ট্রেন্ডেরই নাম দেওয়া হয়েছে ‘রোম্যান্টিক মিনিম্যালিজ়ম’ ।
সম্প্রতি একটি ভারতীয় ডেটিং অ্যাপের সমীক্ষায় তরুণ প্রজন্মের এই মানসিকতার এক চমকপ্রদ ছবি ধরা পড়েছে।
কী এই ‘রোম্যান্টিক মিনিম্যালিজ়ম’?
সহজ ভাষায়, এটি এমন এক মানসিকতা যেখানে সম্পর্কের গভীরতা মাপা হয় রোজকার জীবনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে, কোনও জাঁকজমকপূর্ণ রাজকীয় আয়োজন দিয়ে নয়। অনেকেই ভাবতে পারেন, মিনিম্যালিজ়ম মানে হয়তো প্রত্যাশা কমিয়ে কোনওরকমে মানিয়ে নেওয়া। কিন্তু সমীক্ষায় অংশ নেওয়া ৪১ শতাংশ তরুণ-তরুণী স্পষ্ট জানিয়েছেন— বিষয়টি মোটেও তেমন নয়। এটি আসলে নিজের ‘স্ট্যান্ডার্ড’ বদলে ফেলা, যেখানে লোকদেখানো চটকদারির চেয়ে সম্পর্কের ভিতরের বাঁধনটা বেশি দামি।
সমীক্ষার মূল হাইলাইটস:
-
৫৩% তরুণ-তরুণী এখন ‘কম কিন্তু অর্থপূর্ণ’ সম্পর্কে বিশ্বাসী।
-
৩৮% মানুষ সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের ছবি পোস্ট বা লোকদেখানো প্রেম থেকে দূরে থাকতে চান।
-
৫৫% নারী মনে করেন, হঠাৎ কোনও একদিন দামি রেস্তোরাঁয় ডেটে যাওয়ার চেয়ে পার্টনার যদি রোজ নিয়ম করে খোঁজ নেয় বা আলতো যত্ন দেখায়, তবে তা অনেক বেশি মূল্যবান।
-
৪২% পুরুষ জানিয়েছেন, তাঁরা দামি উপহার পাওয়ার চেয়ে পার্টনারের সঙ্গে একান্ত ‘কোয়ালিটি টাইম’ কাটাতে বেশি পছন্দ করেন।
-
১০ জনের মধ্যে ৬ জনই একমত যে, ভালো ডেট মানেই পকেট ফাঁকা করে দামি রেস্তোরাঁয় খাওয়া নয়, বরং একে অন্যের পাশে থাকা।
কেন বাড়ছে এই ট্রেন্ড?
আজকের ব্যস্ত লাইফস্টাইল, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতাই ২০২৬ সালে দাঁড়িয়ে এই ট্রেন্ডকে সবচেয়ে জনপ্রিয় করে তুলেছে।
ক্লান্তি ও সময়ের অভাব: মেট্রো শহরের ২২ শতাংশ তরুণ-তরুণী জানিয়েছেন, দৈনন্দিন জীবন এতটাই ব্যস্ত আর ক্লান্তিকর যে সম্পর্কের নামে বাড়তি ‘ড্রামা’ বা নাটক নেওয়ার মতো এনার্জি তাঁদের নেই।
লুকোচুরির অবসান: আজ খুব ভালোবাসা দেখিয়ে কালকেই হঠাৎ উধাও হয়ে যাওয়া বা ‘ঘোস্টিং’ (Ghosting)-এর মতো লুকোচুরি খেলা মনকে আরও ক্লান্ত করে তোলে। তাই ঘণ্টার পর ঘণ্টা চ্যাট বা ফোনে মজে থাকার চেয়ে, দিনশেষে ‘ঠিকঠাক খেয়েছ তো?’— এই এক ফোঁটা আন্তরিকতাতেই এখন খুশি আজকের প্রজন্ম।
ডেটিং অ্যাপের কর্তারা বলছেন, তরুণ প্রজন্মের রোম্যান্সের চাহিদা কিন্তু কমেনি। বরং তাঁরা বুঝতে পেরেছেন সম্পর্কের আসল ভিত্তি কী। আকাশছোঁয়া প্রতিশ্রুতির চেয়ে তাঁরা এখন মানসিক শান্তি, সততা আর পার্টনারের পাশে থাকাকেই ভালোবাসার আসল সংজ্ঞা হিসেবে বেছে নিচ্ছেন।
