আজকের দিনেতিলোত্তমা

মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকান-গুমটি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, পার্ক সার্কাস :- শিয়ালদহ দক্ষিণ শাখার ব্যস্ত পার্ক সার্কাস স্টেশন চত্বর দখলমুক্ত করল রেল। শনিবার গভীর রাতে আরপিএফ, র‍্যাফ ও পুলিশের কড়া নিরাপত্তায় বুলডোজার চালিয়ে একের পর এক অবৈধ দোকান, গুমটি ভেঙে দিল প্রশাসন। প্রায় আড়াই ঘণ্টার অভিযানে স্টেশন চত্বর দখলমুক্ত হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শুরুতেই ব্যবসায়ীদের রেলের জমি খালি করতে নোটিস দেওয়া হয়েছিল। সময়সীমা পেরোলেও দোকান না সরানোয় শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ অভিযান শুরু হয়। প্রথমে মাইকিং করে সময় দেওয়া হলেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত বুলডোজার নামানো হয়।

দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে গজিয়ে ওঠা অবৈধ দোকানের জন্য নিত্যযাত্রীদের যাতায়াতে সমস্যা হচ্ছিল। হাওড়া, শিয়ালদহ, দমদম, যাদবপুরের পর এবার পার্ক সার্কাসেও চলল উচ্ছেদ। অভিযানের সময় কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেশনের ভিতর-বাইরে কড়া নিরাপত্তা ছিল।

অন্যদিকে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের অভিযোগ, পুনর্বাসনের ব্যবস্থা না করেই রুজিতে কোপ বসানো হয়েছে। ঘটনাস্থলে যান মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ সেলিম। একই রাতে শিয়ালদহ ফ্লাইওভার ও যাদবপুর স্টেশন সংলগ্ন সুকান্ত সেতুর নীচে হকার উচ্ছেদের দুটি নোটিস ঘিরেও জল্পনা তৈরি হয়েছে। নোটিসে পুরসভার স্ট্যাম্প বা স্বাক্ষর না থাকায় সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

রেলের জমি দখলমুক্ত করতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে প্রশাসন। যাত্রী সুবিধা নিশ্চিত করাই লক্ষ্য বলে দাবি রেলের। তবে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। আগামী দিনে এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোরের আশঙ্কা থাকছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *