২০ জুনের বিশেষ দিনে ৮২০ কোটির উপহার নিয়ে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর সরকার গঠনের মাত্র কয়েকদিনের মধ্যেই ‘ডবল ইঞ্জিন’-এর সুফল পেতে শুরু করেছেন বঙ্গবাসী— সম্প্রতি এমনই দাবি করেছেন খোদ মুখ্যমন্ত্রী। তাঁর অঙ্গীকার, আগামী দিনেও একাধিক ক্ষেত্রে আরও নানা উপকার পাবে বাংলা। এই আবহে আজ, শনিবার ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’-এ কেন্দ্র-রাজ্য যৌথ উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, আজই দু’দিনের সফরে রাজ্যে আসছেন তিনি।
এক্স হ্যান্ডেলে মোদির বার্তা ও শ্যামাপ্রসাদ স্মরণ
রাজ্যে আসার ঠিক আগে নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে বাংলার ঐতিহ্য ও ইতিহাসকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন:
“এই দিনটি এমন এক রাজ্যকে উদযাপন করে যা সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা, সমাজ সংস্কার এবং আরও অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে তার অবদানের মাধ্যমে ভারতের ইতিহাসকে রূপদান করেছে। বারবার, অগণিত ভাবে পশ্চিমবঙ্গ ভারতের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে।”
২০ জুন দিনটির ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করিয়ে মোদি আরও লেখেন, “পশ্চিমবঙ্গের ইতিহাসে ২০ জুন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসেবেই থাকবে। এর পেছনে ছিল ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর অমূল্য অবদান। ২০২৬ সালে, আমরা ড. মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তীও পালন করছি। জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে। আমি পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং পশ্চিমবঙ্গবাসীর সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি।”
প্রধানমন্ত্রীর সফরের মূল কর্মসূচি
দু’দিনের এই মেগা সফরে প্রধানমন্ত্রীর একাধিক হাই-প্রোফাইল কর্মসূচি রয়েছে:
-
তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস: শনিবার বিকেলে তারকেশ্বরে এক ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি তারকেশ্বরের বালিগড়িতে একটি জনসভাতেও বক্তব্য রাখবেন তিনি।
-
কলকাতায় যোগ দিবস: আগামীকাল রবিবার কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদি।
বাংলার জন্য কোটি কোটি টাকার পরিকাঠামো প্যাকেজ
প্রধানমন্ত্রীর এই সফর কেবলই উৎসব উদযাপনের নয়, বরং বাংলার জন্য রয়েছে একগুচ্ছ উন্নয়নমূলক উপহার। জানা গিয়েছে, এই সফরে মোদি পশ্চিমবঙ্গে ৮২০ কোটি টাকারও বেশি বিশাল পরিকাঠামো প্যাকেজের মাধ্যমে এক নতুন উন্নয়ন কর্মযজ্ঞের সূচনা করতে চলেছেন। এর মধ্যে রয়েছে:
-
প্রায় ৫৯০ কোটি টাকার রেল সংস্কার প্রকল্প।
-
রাজ্যে ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ এবং ‘ধনধান্য যোজনা’র মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলির আনুষ্ঠানিক সূচনা।
-
‘পিএম কিষান’ প্রকল্পের পরবর্তী কিস্তির অর্থ সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে বণ্টন।
-
এ ছাড়া কৃষি, গ্রামোন্নয়ন, মৎস্য এবং পশুপালন ক্ষেত্রে একাধিক নতুন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
সব মিলিয়ে, রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর এই সফর কেন্দ্র-রাজ্য যৌথ সমন্বয়ের মাধ্যমে বাংলার রূপান্তরে এক বড় পদক্ষেপ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
